দুই দিনের ব্যবধানে দেশের বাজারে আবারো স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম এক হাজার ৯৯৪ টাকা বাড়িয়ে এক লাখ ৩৯ হাজার ৪৪৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ নদভেম্বর) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তীতে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে গত ২০ নভেম্বর আর এক দফা স্বর্ণের দাম বাড়ানো হয়। ওই সময় সব থেকে ভালোমানের এক ভরি স্বর্ণের দাম বাড়ানো হয় দুই হাজার ৯৪০ টাকা। ফলে দুই দফায় প্রতি ভরি স্বর্ণের দাম বাড়লো চার হাজার ৯৩৪ টাকা।
তার আগে ৫, ৮, ১৩ ও ১৫ নভেম্বর চার দফা স্বর্ণের দাম কমানো হয়। ৫ নভেম্বর ভালোমানের এক ভরি স্বর্ণের দাম কমানো হয় এক হাজার ৩৬৫ টাকা, ৮ নভেম্বর কমানো হয় তিন হাজার ৪৫৩ টাকা, ১৩ নভেম্বর কমানো হয় দুই হাজার ৫১৯ টাকা এবং ১৫ নভেম্বর কমানো হয় এক হাজার ৬৮০ টাকা। ফলে চার দফায় ভালোমানের এক ভরি স্বর্ণের দাম কমানো হয় ৯ হাজার ১৭ টাকা।
নতুন মূল্য অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৯৯৪ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৩৯ হাজার ৪৪৩ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৯০১ টাকা বাড়িয়ে এক লাখ ৩৩ হাজার ৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৬৩৩ টাকা বাড়িয়ে এক লাখ ১৪ হাজার ৮৬ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৩৮৮ টাকা বাড়িয়ে ৯৩ হাজার ৬৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।







