বিনোদন

বিক্ষোভকারীদের ধরপাকড়, ক্ষোভে ফুঁসছেন অনুরাগ-প্রকাশরা

বিক্ষোভকারীদের ধরপাকড়, ক্ষোভে ফুঁসছেন অনুরাগ-প্রকাশরা

ভারতের দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত বিক্ষোভ ঘিরে ব্যাপক পুলিশি তৎপরতা ও ধরপাকড়ের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন চলচ্চিত্র অঙ্গনের একাধিক তারকা। অভিনেতা প্রকাশ রাজ পুলিশের ভূমিকার সমালোচনা করেছেন।

অন্যদিকে, বিক্ষোভকারীদের সাহসিকতার প্রশংসা করেছেন ‘গ্যাংস অব ওয়াসিপুর’ খ্যাত নির্মাতা অনুরাগ কাশ্যপ।

শনিবার (১০ অক্টোবর) দিল্লির যন্তর মন্তরে এই বিক্ষোভের আয়োজন করে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। ভোটার তালিকার স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করেন বিক্ষোভকারীরা।

পূর্ব ঘোষিত বিক্ষোভ ঘিরে দিল্লিতে নিরাপত্তা জোরদার করা হয়। বিক্ষোভস্থলে যাওয়ার চেষ্টা করা কয়েকশ মানুষ, সাংবাদিক ও আন্দোলনসংশ্লিষ্ট ব্যক্তিকে আটক করে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে ছিলেন সিজেপির গুরুত্বপূর্ণ কয়েকজন নেতা, যার মধ্যে রয়েছেন অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা।

বিক্ষোভকারীদের আটকের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ক্ষোভ প্রকাশ করেন অভিনেতা ও অধিকারকর্মী প্রকাশ রাজ। কার্টুনিস্ট সতীশ আচার্যের একটি কার্টুন শেয়ার করে তিনি লেখেন, ‘নাগরিকদের প্রতিবাদ থেকে আর কত দিন পালিয়ে বেড়াবেন? শুধু জানতে চাই।’

পরে একটি ভিডিও বার্তায় বিক্ষোভকারীদের আটকের বিষয়েও কথা বলেন তিনি। সেখানে অভিজিৎ, সৌরভ ও আশুতোষকে বিমানবন্দর, বাড়িসহ বিভিন্ন স্থান থেকে আটকের প্রসঙ্গ তুলে প্রকাশ রাজ বলেন, “এ কী হচ্ছে! বিমানে বা বাড়ি থেকে তরুণদের আটক করা হচ্ছে? তাদের বিক্ষোভস্থলে পৌঁছাতেও দেওয়া হচ্ছে না? আপনারা আমাদের কণ্ঠকে আটক করতে পারেননি, বরং নিজেদেরই আটকে ফেলেছেন।”

এই তিনি সরকারের উদ্দেশে বলেন,“এই দেশ আপনাদের গণতন্ত্রকে হত্যা করতে দেবে না। লড়াই দীর্ঘ হবে, আর আমরা প্রশ্ন করে যাব। খেলা শুরু হোক! পুরো দেশ দেখছে।”

পরিচালক অনুরাগ কাশ্যপও বিক্ষোভকারীদের প্রতি সংহতি জানিয়েছেন। শনিবার ইনস্টাগ্রামে তিনি লেখেন, ‘দুজন ভীতু, ৪০ হাজার দাস, আর লাখ লাখ সাহসী মানুষ।’

অন্য একটি পোস্টে তিনি ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি নেহা বোরার লাইভ অনুসরণ করার আহ্বান জানান। দিল্লি হাট এলাকায় কয়েকশ মানুষকে নিয়ে বিক্ষোভ শুরু করেছিলেন নেহা। পরে তাকেও আটক করা হয়।

বিক্ষোভকারীদের আটকের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন চলচ্চিত্র সম্পাদক ও নির্মাতা অপূর্ব আসরানিও। ১০ অক্টোবর অভিজিৎ দীপকে, রত্না সিং ও ধ্রুব রাঠিকে আটকের প্রসঙ্গ তুলে তিনি লেখেন, “আমাকে বলুন, এটা একনায়কতন্ত্র নয়?” আরেক পোস্টে তিনি লেখেন, “গণতন্ত্রের অবসান।”

সংগীতশিল্পী বিশাল দাদলানিও পুলিশের পদক্ষেপের সমালোচনা করেছেন। ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিওতে তিনি বলেন, “একজনকে বাঁচাতে সিস্টেম কত দূর যেতে পারে, তা এখন পুরো বিশ্ব দেখছে। দেশের মানুষের প্রতিবাদ করার অধিকার কেড়ে নিতে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। ধরপাকড়ের জন্য ২৩টি ব্যাটালিয়ন মোতায়েন করা হয়েছে। ট্রেন ও মেট্রো চলাচল বাতিল হওয়ায় পুরো শহর স্থবির হয়ে পড়েছে। সবই একজনকে বাঁচানোর জন্য! ভাবুন, এই ব্যবস্থাকে রক্ষা করতে ওই ব্যক্তি কী করেছেন এবং তাকে বাঁচাতে ব্যবস্থাটি কতটা ভেঙে পড়েছে।”

নির্মাতা শিরীষ কুন্দর এক্সে লেখেন, “নিজের দেশের মানুষের হাত থেকে বাঁচতে বলপ্রয়োগ করতে হলে আর কত দিন টিকে থাকা যায়?”

অন্য এক পোস্টে তিনি লেখেন, “শিশুরাও যখন আপনাকে নিয়ে ঠাট্টা করতে শুরু করে, তখন বুঝতে হবে, আপনাকে আর কেউ ভয় পাচ্ছে না।”

নির্মাতা বিক্রমাদিত্য মোতওয়ানেও ইনস্টাগ্রাম স্টোরিতে দিল্লিতে বিক্ষোভকারীদের আটকের প্রতিবাদে একাধিক পোস্ট দেন। অভিনেতা মোহাম্মদ জিশান আইয়ুব জার্মান নাট্যকার ও নাট্যকর্মী বের্টোল্ট ব্রেখটের একটি কবিতার হিন্দি অনুবাদ এক্সে শেয়ার করে বিক্ষোভকারীদের প্রতি সংহতি জানান।

কৌতুকশিল্পী বীর দাসও আটকের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন। এক্সে ‘স্ট্রেইস্যান্ড ইফেক্ট’-এর ব্যাখ্যা শেয়ার করে তিনি ইঙ্গিত দেন, বিক্ষোভ দমনের চেষ্টা উল্টো আন্দোলনকে আরও বেশি প্রচার এনে দিতে পারে।

প্রতিবেদন অনুযায়ী, বিক্ষোভ নিয়ন্ত্রণে দিল্লিতে ৪০ হাজারের বেশি পুলিশ ও কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। যন্তর মন্তর এলাকায় প্রবেশ বন্ধ করে দেওয়া হয়। আশপাশের সড়কগুলোতে ব্যারিকেড বসানো হয় এবং তিনটি গুরুত্বপূর্ণ প্রবেশ ও বের হওয়ার পথে হিন্দি ও ইংরেজিতে মাইকিং করে জমায়েত, মিছিল ও সড়ক অবরোধের বিরুদ্ধে সতর্ক করা হয়।

ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারার আওতায় এসব বিধিনিষেধ জারি করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এদিকে, বিরোধী রাজনৈতিক নেতাদের পাশাপাশি সাংবাদিক, আন্দোলনসংশ্লিষ্ট ব্যক্তি ও বিক্ষোভকারীদের আটকের খবরও পাওয়া গেছে। হিন্দুস্তান টাইমস

বিষয়:অনুরাগ কাশ্যপ চলচ্চিত্র প্রকাশ রাজ মোদি সরকার সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…