বাংলাদেশ

প্রধানমন্ত্রীর জাপান সফরে অগ্রাধিকার পাবে যেসব বিষয়

তারেক রহমান Channel i News - চ্যানেল আই নিউজ

নিরাপত্তা বাহিনী ও পুলিশ সদস্যরা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের সময় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক অংশীদারিত্ব সুদৃঢ় করা এবং বিনিয়োগ বৃদ্ধিকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

শনিবার (১০ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ‘শ্রমশক্তি থেকে কৌশলগত অংশীদারিত্ব: বাংলাদেশ-সৌদি আরব সম্পর্কের নতুন বিন্যাস’ শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রী আগামী ২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যাবেন। অন্যান্য দেশের সঙ্গে যোগাযোগের ধারাবাহিকতায় এ সফরেও বাংলাদেশ বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন অংশীদারিত্বের বিভিন্ন ক্ষেত্রকে গুরুত্ব দেবে।

তিনি বলেন, বাংলাদেশ এখন বিভিন্ন দেশের সঙ্গে সহযোগিতার সুনির্দিষ্ট ক্ষেত্র চিহ্নিত করে পারস্পরিক বিনিয়োগ অংশীদারিত্ব গড়ে তুলতে চায়।

জাপানকে বাংলাদেশের অন্যতম বৃহৎ ও দীর্ঘদিনের উন্নয়ন অংশীদার উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, কয়েকটি বড় প্রকল্পে জাপানের বিনিয়োগ দুই দেশের মধ্যে শক্তিশালী কূটনৈতিক ও বিনিয়োগ সম্পর্ক গড়ে তুলতে ভূমিকা রেখেছে। আসন্ন সফরে খাতভিত্তিক সহযোগিতা এবং পারস্পরিক বিনিয়োগের সুযোগ নিয়েও বিস্তারিত আলোচনা হবে।

হুমায়ুন কবির আরও জানান, গত এপ্রিলে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ আমন্ত্রণে তারেক রহমান এশিয়া-প্যাসিফিক অঞ্চলের জ্বালানি সংকট ও স্থায়িত্ব মোকাবিলায় জাপানের উদ্যোগে আয়োজিত একটি অনলাইন সম্মেলনে অংশ নেন। সেখানে তিনি আঞ্চলিক দেশগুলোর একসঙ্গে কাজ করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তাঁর মতে, ওই সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণের ফলে জাপান সরকারের আস্থা বাড়তে সহায়তা করেছে।

সৌদি আরব সফরেও যাবেন প্রধানমন্ত্রী
সৌদি আরব সফরের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দেশটির যুবরাজ প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন। প্রধানমন্ত্রী সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন। সুবিধাজনক সময়ে শিগগিরই তিনি সৌদি আরব সফর করবেন।

সৌদি যুবরাজও বাংলাদেশ সফরে আগ্রহ প্রকাশ করেছেন জানিয়ে হুমায়ুন কবির বলেন, পারস্পরিক সুবিধাজনক সময়ে তাঁকে ঢাকায় উষ্ণ অভ্যর্থনা জানানো হবে।

পবিত্র শহর মক্কা ও মদিনার সুরক্ষা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে বাংলাদেশের অবস্থান স্পষ্ট ও আপসহীন। মুসলিম বিশ্বের পবিত্র স্থান ও মসজিদ রক্ষায় কোনো উদ্যোগে সহযোগিতা চাওয়া হলে বিশ্বের অন্যতম বৃহৎ মুসলিম দেশ হিসেবে বাংলাদেশ প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত থাকবে।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) সেন্টার ফর মাইগ্রেশন স্টাডিজ যৌথভাবে সেমিনারটির আয়োজন করে।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয়) ড. মু. নজরুল ইসলাম এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব মো. মোখতার আহমেদ। এ ছাড়া বিআইআইএসএসের মহাপরিচালক মেজর জেনারেল এ এস এম রিদওয়ানুর রহমান এবং এনএসইউর উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী বক্তব্য দেন।

বিষয়:জাপান সফর পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবীর প্রধানমন্ত্রী তারেক রহমান ফরেন সার্ভিস একাডেমিত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…