জীবিকার তাড়নায় নিরাপত্তারক্ষী হয়েছেন বলিউডের এই অভিনেতা

একজন বলিউড অভিনেতা জীবিকার তাড়নায় নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করছেন, ছবি দুটি।. Channel i News – চ্যানেল আই নিউজ
বিনোদন দুনিয়া অনেককেই ফিরিয়ে দেয় রিক্ত হাতে। কাউকে আবার কিছু দিনের জন্য অর্থ, খ্যাতি, সম্মান দিয়েও আবার সব হরণ করে নেয়। সেরকমই এক উদাহরণ বলিউড অভিনেতা সাবী সিধু।
যিনি নিজের ক্যারিয়ারে শুরু করেছিলেন বলিউডের নামী দামী সব তারকাদের সঙ্গে সহ-অভিনেতা হিসেবে কাজ করে। যেই তালিকায় নাম রয়েছে অক্ষয় কুমার, আয়ুষ্মান খুরানাসহ জনপ্রিয় অভিনেতাদের। এমনকি সুভাষ ঘাই ও যশরাজ ফিল্মসের ছবিতেও তাকে দেখা গিয়েছে। কিন্তু জীবকার তাড়নায় এখন এই তারকাকেই করতে হচ্ছে নিরাপত্তারক্ষীর কাজ।
ভারতীয় সংবাদমাধ্যমে সাবী জানিয়েছেন, জীবনের কঠিন সময়ে তিনি যোগাযোগ করেছিলেন পরিচালক অনুরাগ কাশ্যপের সঙ্গে। সুযোগ পেয়েছিলেন অনুরাগের ‘পাঞ্চ’ ছবিতে। কিন্তু এই ছবিটি শেষ পর্যন্ত মুক্তি পায়নি। এরপর ‘ব্ল্যাক ফ্রাইডে’তে তিনি কমিশনার সামরার ভূমিকায় অভিনয় করেন। তার এই অভিনয় প্রশংসিতও হয়। অনুরাগ ছাড়া পরিচালক নিখিল আদভানীর সঙ্গেও কাজ করেছেন সাবী।
‘গুলাল’, ‘পাতিয়ালা হাউস’, ‘বেওকুফিয়া’র মতো ছবিতে অভিনয় করেছিলেন সাবী। কিন্তু ধীরে ধীরে তার কাছে অভিনয়ের সুযোগ আসা বন্ধ হয়ে যায়। নানা ধরনের কাজ করার পর বাধ্য হয়ে এখন নিরাপত্তারক্ষীর কাজ করছেন তিনি।
মডেলিং দিয়ে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন সাবী। এরপর লখনৌ গিয়ে আইনবিদ্যা নিয়ে পড়াশোনা করেন। পাশাপাশি চলতে থাকে তার থিয়েটারও। সাবীর ভাই মুম্বাই শহরে এয়ার ইন্ডিয়াতে চাকরি পান পরে। ভাইয়ের সঙ্গে মায়ানগরীতে আসেন সাবীও। দু’চোখে অভিনয় করার স্বপ্ন নিয়ে।
প্রথমদিকে কাজের কোনো অভাব হয়নি। কিন্তু হঠাৎ তার শরীর অসুস্থ হয়ে পড়ে। এরপরই অভিনয় থেকে দূরে সরে যান। এখন দু’বেলা দু’মুঠো অন্নসংস্থান হয় সিকিউরিটির কাজের মাধ্যমে। তবে এতসব কিছুর পরও সাবী সিধু জানিয়েছেন, তিনি এটা ভেবে খুশি যে ভিক্ষাবৃত্তি করে নয়, তিনি উপার্জন করছেন কাজ করে।
সূত্র: আইজি নিউজ






