অনলাইন গেম খেলে চাকরি হারিয়েছেন ভারতীয় এক পুলিশ কর্মকর্তা। এর আগে এই গেমের মাধ্যমে প্রায় দুই কোটি টাকা জিতেছেন পুলিশের এই কর্মকর্তা। মূলত উচ্চ পদস্থ কর্মকর্তার অনুমতি ছাড়া অনলাইন গেম খেলায় চাকরি থেকে বরখাস্ত হয়েছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার ১৯ অক্টোবর ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, অনলাইন গেম খেলে দু’কোটি টাকা জেতার পর পুলিশের ইউনিফর্ম পরে আনন্দ প্রকাশ করেন তিনি। যার ফলে, তাকে চাকরি থেকে সাসপেন্ড করা হয়।
জানা যায়, সোমনাথ জেন্দে নামের পুলিশের এই এসআই বিভাগীয় অনুমতি ছাড়াই ফ্যান্টাসি স্পোর্টস গেমিং প্লাটফর্মে যুক্ত ছিলেন এবং নিয়মিত গেম খেলতেন। একপর্যায়ে দু’কোটি টাকা পুরস্কার জেতেন এই এসআই। এর পর আলোচনা-সমালোচনা সৃষ্টি হয় তাকে ঘিরে। একপর্যায়ে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। তিনি ভারতের পুনের একটি থানায় কর্মরত ছিলেন।
পুলিশ কর্মকর্তাদের দাবি, এসব করে পুলিশ বিভাগের মান ডুবিয়েছেন তিনি। তাই তাকে সাসপেন্ড করা হয়। এদিকে ওই ব্যক্তির দাবি, পুলিশের অনেকেই এই অনলাইন গেম খেলেন। তার মতে, ‘আমি দুই কোটি পেলাম বলেই আমাকে শাস্তি দেওয়া হল।’
তিনি বলেন, ‘আমাকে সাসপেন্ড করা হয়েছে কারণ আমি উপযুক্ত অনুমতি ছাড়াই এটা করেছি। ধরে নিলাম যুক্তিতে এটা ঠিক। তবে কি জিম কিংবা সুইমিং পুলে যেতেও আমাকে অনুমতি নিতে হবে?’








