১০ লাখ মানুষের ছানি অপারেশনের পরিকল্পনা সরকারের

ছবি: সংগৃহীত
দেশে আগামী পাঁচ বছরে অন্তত ২ কোটি মানুষের দোরগোড়ায় চক্ষুসেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা সরকারের রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। ১০ লাখ মানুষকে ছানি অপারেশনের সুবিধা দেওয়া হবে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর সিরডাপে আইএনজিও ফোরাম ও এনআইওঅ্যান্ডএইচের যৌথ আয়োজনে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এ পরিকল্পনার কথা জানান।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, চশমার অভাবে যাতে শিশুদের পড়াশোনা এবং কর্মক্ষম মানুষের কাজ ব্যাহত না হয়, সে জন্য আগামী পাঁচ বছরে শিশু ও কর্মক্ষম জনগোষ্ঠীর অন্তত ১ কোটি মানুষের চশমার ব্যবস্থা করা হবে।
তিনি বলেন, ছানিজনিত অন্ধত্ব দূর করতে আগামী পাঁচ বছরে অন্তত ১০ লাখ মানুষকে ছানি অপারেশনের সুবিধা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
চক্ষুসেবার মান উন্নয়নে দেশের প্রায় ৮০ শতাংশ চক্ষু চিকিৎসককে ছানি অপারেশনসহ বিভিন্ন উন্নত প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনার কথাও জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী।
তিনি আরও বলেন, দীর্ঘমেয়াদে চক্ষুসেবাকে টেকসই করতে একটি কৌশলগত রূপরেখা এবং স্বাস্থ্যসেবা অর্থায়ন পরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, সরকারের এই উদ্যোগের লক্ষ্য শুধু চিকিৎসাসেবা দেওয়া নয়, বরং দৃষ্টিজনিত সমস্যার কারণে শিক্ষা, কর্মসংস্থান ও স্বাভাবিক জীবনযাত্রায় যেন কোনো মানুষ পিছিয়ে না পড়েন, তা নিশ্চিত করা।





