পিকআপ-সিএনজি অটোরিকশার সংঘর্ষে শিশুসহ নিহত-২

Community members standing and sitting outside a residential building in Bangladesh, with some children present. Channel i News – চ্যানেল আই নিউজ
ফেনীর ফুলগাজীতে পিকআপভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালকসহ দু’জন নিহত হয়েছে। আহত হয়েছেন একই পরিবারের চার জন।
শনিবার ২৫ নভেম্বর সকালে আমজাদহাট-ফুলগাজী সড়কের মনিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, অটোরিকশাচালক ফুলগাজীর আমজাদহাট ইউনিয়নের পেনাপুষ্করণী গ্রামের মৃত নূরুল হকের ছেলে সাইফুল ইসলাম (২৫) ও কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া এলাকার আকরাম হোসেনের ৮ মাস বয়সী ছেলে মো. আনাস। আহতরা হলেন, নিহত শিশুটির বাবা, মা, ভাই ও নানা।
নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের উন্নত চিকিৎসার জন্য ফেনী জেনারেল হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শনিবার সকালে সিএনজি চালক সাইফুল ইসলাম ফুলগাজীর আমজাদহাট এলাকা থেকে যাত্রী নিয়ে ফেনী শহরের দিকে রওনা হন। সাড়ে নয়টার দিকে তিনি আমজাদহাট-ফুলগাজী সড়কের মনিপুর শনিরহাট এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে সড়কের পাশে উল্টে পড়ে। এতে অটোরিকশার চালক ও যাত্রীরা আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে শিশু আনাস ও অটোরিকশাচালক সাইফুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
আনাসের স্বজনরা জানান, আনাস মা-বাবার সঙ্গে তিন দিন আগে চৌদ্দগ্রামের চিওড়া থেকে ফুলগাজীর বসন্তপুর গ্রামে নানা বাড়িতে বেড়াতে এসেছিল। শনিবার সকালে নানার বাড়ি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় শিশু আনাস মারা যায়।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবুল হাসিম জানান, দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যান জব্দ ও এর চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।




