ফার্মাসিস্ট স্বরূপ আফসার পেলেন ‘ফোরটিআন্ডারফোরটি’ অ্যাওয়ার্ড

ফার্মাসিস্ট স্বরূপ আফসার ২০২৫ ৪০ আন্ডার ৪০ অ্যাওয়ার্ডের জন্য পুরস্কার গ্রহণ করছেন, বড় ব্যবসায়ের জন্য।. Channel i News – চ্যানেল আই নিউজ
মাত্র ১৫ বছর বয়সে ভাষাগত প্রতিবন্ধকতা ও তোতলামি নিয়ে পার্থে আসা বাংলাদেশি বংশোদ্ভূত সেই কিশোর আজ এক অনন্য স্বীকৃতি অর্জন করেছেন। ফার্মাসিস্ট স্বরূপ আফসার জয় করেছেন ২০২৫ সালের ফোরটিআন্ডারফোরটি লার্জ বিজনেস অ্যাওয়ার্ড।
এই মর্যাদাপূর্ণ পুরস্কারটি দিয়েছেন অস্ট্রেলিয়ার খ্যাতনামা বিজনেস নিউজ। প্রতিষ্ঠানটি এমন তরুণদের স্বীকৃতি দেয়, যারা তাদের উদ্ভাবনী চিন্তাভাবনা, নেতৃত্ব, সমাজসেবা এবং অন্যদের অনুপ্রেরণা দেওয়ার ক্ষেত্রে ব্যতিক্রমী অবদান রাখেন।
পশ্চিম অস্ট্রেলিয়ার নোলামারা, সাউথ লেক, শোলওয়াটার, বাটলার, ব্রিজেটাউন ও ভিক্টোরিয়ার হথর্ন, স্প্রিংভেল, চেলটেনহ্যাম, সেন্ট অলব্যান্স, পাসকো ভেইল জুড়ে স্বরূপ আফসার তার স্ত্রী মরিয়াম এবং ব্যবসায়িক পার্টনাররা ফামার্সি ৭৭৭ গ্রুপের অধীনে ১১টি ফার্মেসি পরিচালনা করেন। এসব প্রতিষ্ঠানে কাজ করেন ১৫০ জন স্থায়ী কর্মী।
“যখন আমি ভাবি, ১৫ বছরের সেই লাজুক ছেলেটি আজকের এই দিন দেখে গেলে কতটা গর্বিত হতো, তখন নিজেকে ধন্য মনে হয়,” —বলেন আবেগভরা কণ্ঠে স্বরূপ আফসার।
তিনি জানান, এক সময় ইঞ্জিনিয়ারিং পড়ার পরিকল্পনা ছিল। কিন্তু এক সন্ধ্যায় একটি চোখের সমস্যা থেকে শুরু হওয়া ফার্মেসি সফর তার জীবন বদলে দেয়।
“চোখে স্টাই হওয়ায় খোলা ফার্মেসি খুঁজতে গিয়ে একজন দারুণ ফার্মাসিস্টের সঙ্গে দেখা হয়। তার সেবামনস্কতা দেখে বুঝতে পারি—এই পেশার কতটা প্রভাব সমাজে।”

“প্রতিটি এলাকার নিজস্ব চাহিদা থাকে। সেই প্রয়োজন বুঝে ফার্মেসি পরিচালনা করলেই সত্যিকারের কমিউনিটি ফার্মাসি গড়ে ওঠে,”—বলছিলেন তিনি।
ফার্মাসি ৭৭৭ গ্রুপ সম্পর্কে স্বরূপ আফসার বলেন, তাদের ভিশন ও সহায়তায় আমরা এমন উদ্যোগ নিতে পেরেছি, যেখানে মানসিক স্বাস্থ্যসেবার জন্য একজন মনোবিজ্ঞানীকেও ফার্মেসিতে যুক্ত করতে পেরেছি।”
ফার্মাসি ৭৭৭-এর ম্যানেজিং ডিরেক্টর কিম ব্রোথারসন বলেন, স্বরূপ আফসার এমন একজন নেতা যিনি প্রতিটি কমিউনিটির সঙ্গে আন্তরিকভাবে যুক্ত হন এবং তার দলকে সর্বোচ্চটা দিতে উদ্বুদ্ধ করেন।
শুধু ফার্মাসিতে নয়, ক্রিকেট কমিউনিটিতেও স্বরূপ আফসারের উল্লেখযোগ্য অবদান রয়েছে। তিনি রয়্যাল বেঙ্গল ক্রিকেট ক্লাবের প্রতিষ্ঠাতা এবং এবং বর্তমানে ক্রিকেট অস্ট্রেলিয়ার মাল্টিকালচারাল অ্যাম্বাসেডর হিসেবেও কাজ করছেন।



