রাজনীতি

তারেক রহমানের জনসভা ঘিরে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে মানুষের ঢল

তারেক রহমানের জনসভা ঘিরে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে মানুষের ঢল
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

দীর্ঘদিন পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সিলেট আগমনকে কেন্দ্র করে নগরজুড়ে সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।

আজ ২২ জানুয়ারি বৃহস্পতিবার সকাল থেকেই সিলেট আলিয়া মাদ্রাসা মাঠ ও আশপাশের এলাকায় জনসভাকে ঘিরে মানুষের ঢল নামে। মিছিলের পর মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। আম্বরখানা, দরগাহ গেইট ও চৌহাট্টা পয়েন্টসহ নগরের গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে বিএনপি ও অঙ্গসংগঠনের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের হাজারো নেতাকর্মী রঙিন ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে অবস্থান নেন। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের। তার আগমন উপলক্ষে সকাল থেকেই সিলেট মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নেতাকর্মীদের সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা যায়। সিলেট আলিয়া মাদ্রাসার মাঠে তারেক রহমানকে স্বাগত জানাতে টাঙানো হয়েছে অসংখ্য ব্যানার ও ফেস্টুন। ব্যানারগুলোতে দলের স্লোগান, শুভেচ্ছাবার্তা এবং তারেক রহমানের ছবি স্থান পেয়েছে। অনেক জায়গায় নেতাকর্মীদের হাতে দেখা গেছে দলীয় পতাকা, যা পুরো সমাবেশস্থলকে রঙিন করে তুলেছে।

জনসভাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

বিষয়:জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬ তারেক রহমান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…