বরিশাল প্রতিনিধি: যাত্রী সংকটের কারণ দেখিয়ে ঢাকা বরিশাল রুটের চার লঞ্চের যাত্রা বাতিল করা হয়েছে। বরিশাল থেকে এই চার লঞ্চ আজ ছেড়ে যাবে না ঢাকার উদ্দেশ্যে, তবে একটি লঞ্চ যাত্রী পরিবহন করবে। কিন্তু যে লঞ্চটি যাত্রী পরিবহন করবে সেই লঞ্চটিতেও যাত্রী সংখ্যা ছিলো খুবই কম। সন্ধ্যায় ডেক শ্রেণী ছিলো একবারেই ফাঁকা।
শুক্রবার সন্ধ্যা ৬টায় বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল বিআইডব্লিউটিএর নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিদর্শক মো: কবির।
তিনি বলেন, যাত্রী সংকটের কারণে প্রিন্স আওলাদ, পারাবত ১৮, সুরভী ৭ ও সুন্দরবন ১১ লঞ্চ বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা বাতিল করেছে। শুধু মাত্র পারাবত ১১ লঞ্চ ঢাকায় যাত্রী পরিবহন করবে।
তিনি আরো বলেন, ঢাকা থেকে শুধু শুভরাজ লঞ্চ বরিশালে যাত্রী পরিবহন করবে। এছাড়া ফারহান ৭ ঢাকা থেকে ঝালকাঠি যাবে বরিশাল ভায়া হয়ে।
এদিকে পারাবত ১১ লঞ্চে গিয়ে যাত্রী সংকট দেখা গিয়েছে। ডেক শ্রেণীতেও যাত্রী তেমন ছিলো না।
লঞ্চের স্টাফ মো: সুমন জানান, ঢাকায় বিএনপির সমাবেশের কারণে যাত্রী সংখ্যা কম।
অপরদিকে আজ ঝালকাঠি থেকেও কোনো লঞ্চ ঢাকার উদ্দেশ্যে যায়নি।
বরিশাল মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুখ বলেন, সরকার বিএনপির সমাবেশ বাধাগ্রস্ত করতে নানা পন্থা নিচ্ছে। লঞ্চ বন্ধ করে দিয়েছে। তবে আমরা আগেই ঢাকা এসেছি।

