প্যারিস অলিম্পিক গেমসে আর্চারি ইভেন্ট দিয়ে রাতে অভিযান শুরু করবে বাংলাদেশ। আর্চার সাগর ইসলাম প্যারিসের ইনভেলিদেস ভেন্যুতে ছেলেদের ব্যক্তিগত র্যাঙ্কিং রাউন্ডে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন এতথ্য জানিয়েছে।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে শুরু হবে ছেলেদের ব্যক্তিগত র্যাঙ্কিং রাউন্ড। অংশ নেবেন আর্চার সাগর। গেমসে তিনি একমাত্র বাংলাদেশি হিসেবে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছেন।
প্রতিযোগিতায় অংশ নেয়ার আগে সাগরের ঘাড়ে সমস্যা হয়েছিল এবং থেরাপি এখনো চলছে। তিনি বুধবার আনুষ্ঠানিক অনুশীলনে অংশ নিয়েছেন এবং খেলার জন্য প্রস্তুত আছেন। প্রথমধাপ অতিক্রম করতে পারলে সাগর আগামী ৩০ জুলাই পরের রাউন্ডে খেলবেন।
বাংলাদেশ আর্চারি দলের কোচ মার্টিন ফ্রেডরিক বলেছেন, ‘অনুশীলন সুবিধা ভালো আছে। বাংলাদেশের সঙ্গে এখানে সময়ের ব্যবধান রয়েছে। আগে এসে কন্ডিশনের সাথে মানিয়ে নেয়ার চেষ্টা চলছে। সবমিলিয়ে প্রতিযোগিতার জন্য তৈরি হচ্ছি। পাঁচ হাজার দর্শক ধারণক্ষমতার আর্চারি ভেন্যুটি খুবই সুন্দর এবং শহরের কেন্দ্রে অবস্থিত।’
শ্যুটার রবিউল ইসলাম ২৮ জুলাই ছাতেইরক্স শুটিং সেন্টারে ১০ মিটার এয়ার রাইফেল বাছাইপর্বে অংশ নেবেন। সাঁতারু সামিউল ইসলাম রাফি ৩০ জুলাই প্যারিস লা ডিফেন্স অ্যারেনায় ১০০ মিটার ফ্রিস্টাইল ইভেন্টের বাছাইপর্বে প্রতিদ্বন্দ্বিতা করবেন। একই ভেন্যুতে ৩ আগস্ট আরেক সাঁতারু সোনিয়া খাতুন ৫০ মিটার ফ্রিস্টাইল বাছাইয়ে অংশ নেবেন। ইংল্যান্ডে বসবাস করা বাংলাদেশি স্প্রিন্টার ইমরানুর রহমান ৪ আগস্ট স্ট্যাডে ডি ফ্রান্সে ১০০ মিটার স্প্রিন্টের বাছাইপর্বে অংশ নেবেন।







