ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টা মামলার মূল অভিযুক্ত ফয়সালের বাবা ও মাকে গ্রেপ্তার করেছে র্যাব।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১০ জানিয়েছে, মঙ্গলবার ১৬ ডিসেম্বর ভোরে দক্ষিণ কেরাণীগঞ্জের হাসনাবাদ হাউজিংয়ে অভিযান চালিয়ে আসামি ফয়সাল করিম মাসুদের বাবা হুমায়ুন কবির ও মা হাসি বেগমকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানিয়েছে, শ্যুটার ফয়সাল ঘটনার দিন রাজধানীর আগারগাঁওয়ে তার বোন জেসমিন আক্তারের বাসায় তার বাবা-মার সাথে দেখা করেন। গ্রেপ্তার দুজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
র্যাব আরও জানায়, ওসমান হাদিকে গুলির ঘটনায় ব্যবহৃত দুটি বিদেশী পিস্তল ও গোলাবারুদ নরসিংদীর একটি বিল থেকে উদ্ধার করা হয়েছে। ওই ঘটনায় ফয়সাল নামে একজনকে আটক করা হয়েছে।
এদিকে, মঙ্গলবার ১৬ ডিসেম্বর রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-২ জানিয়েছে অভিযুক্ত ফয়সালের বোনের বাসা ও ফাঁকা স্থান থেকে দুটি ম্যাগাজিন, ১১টি গুলি ও মোবাইলসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য গত শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় নির্বাচনী প্রচারণার সময় দৃর্বুত্তের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি।








