লা লিগায় শুরুটা ভালো হলে শেষ দুটি ম্যাচে জয়ের দেখা পায়নি বার্সেলোনা। রিয়াল সোসিয়েদের কাছে হারের পর সেলটিকের বিপক্ষে ড্র করেছিল কাতালান ক্লাবটি। গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে ব্রিস্তের বিপক্ষে বড় জয় পেলেও লা লিগায় ফিরে ফের হার দেখেছে হ্যান্সি ফ্লিকের দল। ঘরে মাঠে লাস পালমাসের কাছে ২-১ গোলে হার দেখেছে কাতালান ক্লাবটি।
স্তাদিও অলিম্পিক লুইস স্টেডিয়ামে সফরকারীদের হয়ে দুটি গোল করেছেন স্যান্দ্রো ও ফ্যাবিও সিলভা। বার্সার হয়ে একমাত্র গোলটি এসেছে রাফিনহার পা থেকে। শেষ তিন ম্যাচে দুটি হার ও একটি ড্রয়ের পরও টেবিলের শীর্ষেই আছে বার্সেলোনা। ১৫ ম্যাচে ৩৪ পয়েন্ট ক্লাবটির। দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদ ১৩ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে।
বার্সার ঘরের মাঠে দুর্দান্ত খেলেছে পালমাস। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতেই লিড পায় পালমাস। ৪৯ মিনিটে গোল করেন স্যান্দ্রো। ৬১ মিনিটে বার্সাকে সমতায় ফেরান রাফিনহা। মিনেট ছয়েক ফের লিড আদায় করে নেয় অতিথি ক্লাবটি। ফ্যাবিও সিলভার গোলে এগিয়ে গিয়ে লিড ধরে রেখেই ম্যাচ শেষ করে পালমাস।








