ক্রিকেট

হ্যাটট্রিকে ইতিহাস গড়লেন পাকিস্তানের নোমান

নোমান ক্রিকেট মাঠে উদযাপন করছেন, হ্যাটট্রিকের জন্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

নোমান ক্রিকেট মাঠে উদযাপন করছেন, হ্যাটট্রিকের জন্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হ্যাটট্রিকে ইতিহাস গড়েছেন পাকিস্তানের স্পিনার নোমান আলী। দেশটির টেস্ট ইতিহাসে প্রথমবার কোনো স্পিনার এই কীর্তি গড়লেন।

মুলতান টেস্টে শনিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নেমেছে পাকিস্তান। টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ক্যারিবীয় অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট। ব্যাটে নেমে ৪১.১ ওভারে সব উইকেট হারিয়ে ১৬৩ রানের পুঁজি দাঁড় করিয়েছে সফরকারী দল। শেষদিকে গুডাকেশ মোতির ৫৫ রানে ভর করে এই সংগ্রহ গড়ে তারা।

প্রথম টেস্টের মতো দ্বিতীয়টিতেও পাকিস্তানের স্পিন বিষে নীল ওয়েস্ট ইন্ডিজ। ব্যাটিংয়ে নেমে থিতু হতে পারছিলেন না কেউই। ৩৭ রানের মাঝে ৪ উইকেট হারিয়ে ফেলে ক্যারিবীয়রা। ইনিংসের ১২তম ওভারে বোলিংয়ে আসেন নোমান। প্রথম তিন বলে জাস্টিন গ্রিভস, টেভিন ইমলাচ ও কেভিন সিনক্লেয়ারকে ফিরিয়ে তুলে নেন হ্যাটট্রিক।

টেস্টে পঞ্চম পাকিস্তানি বোলার হিসেবে হ্যাটট্রিকের দেখা পেলেন নোমান। এর আগে হ্যাটট্রিক করা দেশটির ৪ বোলারই ছিলেন পেসার। ওয়াসিম আকরাম দুইবার পেয়েছেন হ্যাটট্রিকের দেখা। আব্দুর রাজ্জাক, মোহাম্মদ সামি ও নাসিম শাহর রয়েছে এই কীর্তি।

হ্যাটট্রিকে নোমান করেছেন আরেকটি রেকর্ডও। ৩৮ বছর ১১০ দিন বয়সী নোমান টেস্ট ইতিহাসের দ্বিতীয় বয়স্ক ক্রিকেটার হিসেবে হ্যাটট্রিক পেলেন। ৩৮ বছর ১৩৯ দিনে হ্যাটট্রিক পাওয়া শ্রীলঙ্কান স্পিনার রঙ্গনা হেরাথ আছেন সবার উপরে।

হ্যাটট্রিকের পর নোমান তুলে নিয়েছেন আরও ৩ উইকেট। প্রথম ইনিংসে ১৫.১ ওভার বল করে ৪১ রান খরচায় ৬ উইকেট তুলে নেন তিনি।

বিষয়:ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তান মুলতান টেস্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…