প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে বিদায় করে ফাইনালের টিকিট কেটেছে ভারত। লাহোরে দ্বিতীয় সেমিতে মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড-সাউথ আফ্রিকা। প্রোটিয়াদের বিপক্ষে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার।
গাদ্দাফি স্টেডিয়ামে বুধবার বাংলাদেশ সময় বিকাল ৩টায় প্রোটিয়াদের বিপক্ষে নেমেছে কিউইরা। ‘এ’ গ্রুপ থেকে বাংলাদেশ ও পাকিস্তানকে হারালেও ভারতের কাছে হেরে রানার্সআপ হয়ে সেমিতে উঠেছে নিউজিল্যান্ড। অন্যদিকে ‘বি’ গ্রুপ থেকে ইংল্যান্ড ও আফগানিস্তানের সঙ্গে জয় পেলেও বৃষ্টির কারণে অজিদের সঙ্গে পয়েন্ট ভাগ করতে হয়েছে গ্রুপসেরা প্রোটিয়াদের। ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমির টিকিট কাটেন বাভুমারা।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে আগে সাউথ আফ্রিকার সঙ্গে ২ বার দেখা হয়েছে নিউজিল্যান্ডের। দুদলেরই জয় একটি করে। ২০০৬ আসরে কিউইরা ৮৭ রানে জিতেছে। ২০০৯ আসরে ৫ উইকেটে জিতেছে প্রোটিয়ারা। প্রতিযোগিতায় নিউজিল্যান্ড ২০০০ সালে চ্যাম্পিয়ন হলেও প্রোটিয়াদের ঝুলিতে কোনো শিরোপা নেই।
নিউজিল্যান্ড একাদশ: মিচেল স্যান্টনার (অধিনায়ক), মিচেল ব্রেসওয়েল, ম্যাট হেনরি, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, উইল ও’রোক, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, কাইল জেমিসন, কেন উইলিয়ামসন ও উইল ইয়াং।
সাউথ আফ্রিকা একাদশ: টেম্বা বাভুমা (অধিনায়ক), মার্কো জানসেন, হেইনরিখ ক্লাসেন, কেশভ মহারাজ, এইডেন মার্করাম, ডেভিড মিলার, উইয়ান মুল্ডার, লুনগি এনগিদি, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, ও রসি ফন ডার ডুসেন।







