পাকিস্তানের বিপক্ষে সেরাটাই খেলতে চায় ইংল্যান্ড

ইংল্যান্ড ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুতি নিচ্ছেন, বিশ্বকাপের জন্য প্রস্তুতি ও মনোযোগ কেন্দ্রীভূত।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভারতে চলতি ওয়ানডে বিশ্বকাপ থেকে আগেই বিদায় নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। তবে আসর থেকে ইংলিশদের এখনও কিছু পাওয়ার আছে। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে সেরা আট দলের মধ্যে থেকে টুর্নামেন্ট শেষ করতে চান ইংলিশ অধিনায়ক বাটলার।
নিজেদের শেষ ম্যাচে কলকাতার ইডেন গার্ডেন্সে শনিবার পাকিস্তানের মুখোমুখি হবে ইংল্যান্ড। এ ম্যাচে জয় পেলে পাকিস্তানের মাটিতে হতে চলা চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিশ্চিত করবে ইংলিশরা। হারলেও বেঁচে থাকবে চ্যাম্পিয়ন্স ট্রফির আশা। তবে এতো কিছু না ভেবে বাটলার জয় নিয়েই মাঠ ছাড়তে মরিয়া।
৩৩ বর্ষী উইকেটরক্ষক ব্যাটার বলেন, ‘এবারের বিশ্বকাপটা আমরা যেভাবে খেলতে চেয়েছিলাম সেভাবে আসলে হয়নি। তবে আমাদের আসরের শেষটা রাঙানোর চেষ্টা থাকবে। আমরা এখন যে অবস্থায় আছি, তাতে আমার মনে হয় দলের সবাই হতাশ। কিন্তু নিজেদের সেরাটা দিয়েই এখন চেষ্টা করতে হবে।’
এদিকে, চলতি বিশ্বকাপে পাকিস্তানের জন্যে শেষ চারে খেলা এখন হিমালয় ডিঙানোর চেয়েও কঠিন হয়ে দাঁড়িয়েছে। কিউইদের টপকাতে ইংল্যান্ডের বিপক্ষে তাদের ২৮৭ রানের বিশাল ব্যবধানে জিততে হবে। আগে বোলিং করলে ইংল্যান্ডকে ৫০ রানে অলআউট করে ২.৩ ওভারের মধ্যে জিততে হবে। এমন হিসাব মেলানো শুধু কাগজে- কলমেই সম্ভব।






