গত দুবছর জাতীয় দলে জায়গা চওড়া করছেন তরুণ পেসার নাহিদ রানা। বিশেষ করে তার গতির ধার নজর কেড়েছে সবার। সম্প্রতি পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফর্ম করেছেন। এবার পাকিস্তানের বিপক্ষে টেস্ট লড়াইয়ে নামার প্রস্তুতি নিচ্ছে। টাইগার পেসারকে বাংলাদেশ ক্রিকেটের বড় সম্পদ বলছেন সফরকারী পাকিস্তান পেসার শাহিন শাহ আফ্রিদি।
আগামী শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে ডাচ-বাংলা ব্যাংক দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। বুধবার সংবাদ সম্মেলনে আসেন শাহিন। নাহিদের ভূয়সী প্রশংসা করেন তিনি।
‘আমার মনে হয় নাহিদ রানা বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক বড় সম্পদ হতে পারে। আশা করি বাংলাদেশ তাকে সঠিকভাবে কাজে লাগাতে পারবে।’
অবশ্য প্রশংসা করলেও পাকিস্তানের বিপক্ষে যেন খুব একটা সুবিধা করতে না পারেন নাহিদ, সেই আশাও করছেন শাহিন। বলেছেন, ‘নাহিদ রানা খুব ভালো ফর্মে আছে, তবে আশা করি সে আমাদের বিপক্ষে খুব বেশি সুবিধা করতে পারবে না (হাসি)।’
সবশেষ বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ হার নিয়ে শাহিন বললেন, ‘অতীত তো অতীতই। ব্যক্তিগতভাবে অতীত মনে রাখতে চাই না। আমাদের লক্ষ্য বর্তমান এবং ভবিষ্যতের দিকে তাকানো যে, আমরা নিজেদের কীভাবে তৈরি করছি।’
টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতা লক্ষ্য পাকিস্তানের। শাহিন বললেন, ‘আমাদের মূল লক্ষ্য হল কীভাবে চ্যাম্পিয়নশিপ (ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ) জেতা যায়, শুধুমাত্র একটি সিরিজ জেতা নয়। একটি দল হিসেবে আমাদের লক্ষ্য অনেক বড় এবং আমরা সেটির জন্যই প্রস্তুত।’







