লন্ডনের রিজেন্ট পার্ক গ্যালারিতে যুবরাজের ‘অতল’

যুক্তরাজ্যের লন্ডনে বিখ্যাত রিজেন্টস পার্ক গ্যালারিতে দেখানো হবে যুবরাজ শামীমের দ্বিতীয় সিনেমা ‘অতল’। আগামী ৩০ অক্টোবর ক্ল্যাফাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও লার্কহল আর্ট ক্লাবের যৌথ আয়োজনে গ্যালারিটিতে চলচ্চিত্রটির বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
ভার্ট প্রদর্শনীর অংশ হিসেবে আয়োজিত এই অনুষ্ঠানে চলচ্চিত্রটি দেখার সময় চিত্রশিল্পীরা তা থেকে অনুপ্রাণিত হয়ে ছবি আঁকবেন বলেও জানা গেছে। এক ইমেইল বার্তায় ক্ল্যাফাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পরিচালক সাইমন বল এক ইমেইলে যুবরাজ শামীমকে এই আয়োজনের কথা জানিয়েছেন।
সাইমন বল জানান, চলচ্চিত্রটির মাধ্যমে নতুন একদল দর্শকের কাছে নির্মাতার কাজ পরিচিত করিয়ে দিতে তারা আগ্রহী। পাশাপাশি, এই আয়োজন থেকে তৈরি হওয়া কিছু শিল্পকর্ম পরবর্তী সময়ে নির্মাতার সঙ্গে শেয়ার করা হবে বলেও জানান তিনি।
চলচ্চিত্রকে কেন্দ্র করে এমন অভিজ্ঞতার বিষয়ে নিজের অনুভূতি জানিয়ে যুবরাজ শামীম বলেন,“অতল নির্মাণের শুরু থেকেই আমি ছবিটাকে ভিজ্যুয়াল পেইন্টিং বলছি এবং আমার ভাবনায় ছিল বাংলাদেশের পেইন্টারদেরকে অতল দেখাবো। তবে ছবি দেখে যে অনুভূতি হয় তা ক্যানভাসে রুপ দেয়ার এমন আইডিয়া আমার মাথায় ছিল না এবং গ্যালারিগুলোতে যে এমন প্রদর্শনী হয় এ সম্পর্কে আমার কোন ধারণাই ছিল না। পুরো বিষয়টা আমার কাছে নতুন এবং আমি খুবই আপ্লুত।”
প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আদিম’-এর সূত্র ধরে সাইমন বলের সঙ্গে যুবরাজ শামীমের পরিচয়। সেই পরিচয়ের ধারাবাহিকতায় সাইমন ‘অতল’কে কেন্দ্র করে এমন একটি আয়োজনের উদ্যোগ নিয়েছেন।
তিনি বলেন, “সাইমনের সঙ্গে আমার আদিমের সূত্র ধরে পরিচয়। সে যে অতলকে নিয়ে এভাবে ভেবেছে এই বিষয়টায় আমি ভীষণ অবাক হয়েছি এবং সাইমনের প্রতি কৃতজ্ঞতা। এখন আমি খুবই আগ্রহ নিয়ে অপেক্ষা করছি আর্টিস্টরা এই ছবিটা কিভাবে দেখেন, ছবিটা দেখার পর তাদের ভেতর কি অনুভূতি হয়, তারা কি আঁকেন!”
২০২৬ সালে নির্মিত ‘অতল’ চলচ্চিত্রটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। উৎসবের ‘অ্যাপোক্যালিপস নাউ’ বিভাগে প্রদর্শিত হয় ছবিটি। পরবর্তী সময়ে রাশিয়ার ১৯তম ‘ইস্ট অ্যান্ড ওয়েস্ট: ক্ল্যাসিকস অ্যান্ড অ্যাভান্ট-গার্ড’ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগেও নির্বাচিত হয় ‘অতল’।
‘অতল’-এর চিত্রনাট্য, পরিচালনা, প্রযোজনা ও সম্পাদনা করেছেন যুবরাজ শামীম। চলচ্চিত্রটির সিনেমাটোগ্রাফি এবং প্রধান চরিত্রে অভিনয় করেছেন নাঈম তুষার। শব্দের কাজ করেছেন রিপন নাথ, কালার করেছেন আব্দুল্লাহ রাকিব এবং পোস্টার ডিজাইন করেছেন মেঘদল ব্যান্ডের শিবু কুমার শীল।
যুবরাজ শামীমের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আদিম’ ২০২২ সালে ৪৪তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছিল। ছবিটি ওই উৎসবে স্পেশাল জুরি অ্যাওয়ার্ড ও নেটপ্যাক জুরি অ্যাওয়ার্ড অর্জন করে।






