বন্ধু রুশনাফকে হারিয়ে যে আফসোসের কথা বললেন শ্রিয়া
সংগীতশিল্পী ও অভিনেতা রুশনাফ ওয়াদুদের অকালপ্রয়াণ

সংগীতশিল্পী ও অভিনেতা রুশনাফ ওয়াদুদ মারা গেছেন। সোমবার (১২ অক্টোবর) দুপুরে হৃদ্রোগে আক্রান্ত হয়ে রাজধানীর বনানীতে নিজ বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৮ বছর।
রুশনাফের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার দীর্ঘদিনের বন্ধু, অভিনেত্রী শ্রিয়া সর্বজায়া। তিনি অভিনেতা আলী যাকের ও সারা যাকেরের মেয়ে।
সোমবার দুপুরে এক পোস্টে শ্রিয়া লিখেন,“মরেই গেলা রুশনাফ? তোমার আরও ভালো বন্ধু হতে পারিনি, এই আফসোসটা সারা জীবন থেকে যাবে। আশা করি, অবশেষে তুমি একটু শান্তি পাবে। সব সময়ের জন্য ভালোবাসা ও আলিঙ্গন।”
পরে আরেক পোস্টে শ্রিয়া জানান, আগামী বুধবার (১৪ অক্টোবর) ফজরের নামাজের পর রাজধানীর গুলশানের আজাদ মসজিদে রুশনাফের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তার মরদেহ বনানীর বাসভবনে নেওয়া হবে এবং সকাল ৯টা পর্যন্ত সেখানে রাখা হবে।
জানা গেছে, রুশনাফ দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।
রুশনাফ ওয়াদুদ ব্লান্ডারওয়্যার ব্যান্ডের ভোকালিস্ট হিসেবে পরিচিতি লাভ করেন। গানের পাশাপাশি গীতিকার হিসেবেও প্রশংসা কুড়িয়েছেন তিনি। পরবর্তী সময়ে দ্য অ্যাটেম্পটেড ব্যান্ডের ভোকালিস্ট হিসেবেও কাজ করেন রুশনাফ। এই ব্যান্ডের ‘এই বিকেলে’ ও ‘ও মৌসুমী’ গান দুটি শ্রোতাদের কাছে বিশেষভাবে পরিচিত।
গানের পাশাপাশি অভিনয়েও যুক্ত ছিলেন রুশনাফ। ২০১৯ সালে মুক্তি পাওয়া ইমপ্রেস টেলিফিল্মের প্রশংসিত অ্যান্থলজি চলচ্চিত্র ‘ইতি, তোমারই ঢাকা’য় অভিনয় করেছিলেন তিনি।






