অস্কারে ‘নাটু নাটু’র সাফল্য, ভারতীয় তারকাদের বাঁধভাঙা উচ্ছ্বাস

চ্যানেল আই অনলাইন এর ছবি, যেখানে বিভিন্ন মানুষ বিভিন্ন পরিবেশে দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
১৪ বছরের খরা কাটিয়ে এসএস রাজামৌলির সিনেমা ‘আরআরআর’-এর গান ‘নাটু নাটু’র হাত ধরে ভারতে এলো অস্কার। এবার ৯৫ তম অস্কারের আসরে ‘সেরা মৌলিক গান’ এর পুরস্কার জিতেছে এই গানটি। আর তাতেই যেন উচ্ছ্বাসে মেতে উঠেছেন পুরো ভারতবাসী।
এদিন অস্কারের মঞ্চে ‘নাটু নাটু’র সাফল্যের পর পরই একের পর এক বলিউড তারকা সহ ভারতীয় দক্ষিণী তারকারা টুইটের মাধ্যমে অভিনন্দন জানাতে থাকেন।
দক্ষিণী তারকা চিরঞ্জীবী তার টুইটে ‘নাটু নাটু’র সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে অভিনন্দন জানিয়ে লিখেছেন, “অস্কার ভারতের জন্য একটি স্বপ্ন ছিল, কিন্তু একজন ব্যক্তির (এসএস রাজামৌলি) দৃষ্টি, সাহস এবং প্রত্যয়ের জন্য আজ সেই স্বপ্ন বাস্তবায়িত হলো।” তিনি টুইটে আরও লেখেন, “১ বিলিয়ন ভারতীয়দের হৃদয় আজ গর্বিত। যেই কৃতজ্ঞতার পুরো দাবিদার ‘আরআরআর’ টিম।”
নাগার্জুনা আক্কিনেনি তার টুইটে লেখেন, “অস্কার জয় করলো ‘নাটু নাটু’, এটা সত্যি ভারতীয় সিনেমার জন্য ঐতিহাসিক মুহূর্ত!! আমরা গর্বিত!! অভিনন্দন জানাই পুরো ‘আরআরআর’ টিমকে।”
এছাড়াও দক্ষিনী অভিনেতা বিজয় দেবরাকোন্ডা লিখেছেন, “খুব সুন্দর টিম ‘আরআরআর’ এবং ‘নাটু নাটু’, ভারতের জন্য এটি আরেকটি বড় পদক্ষেপ। ‘অস্কার’ আপনি আমাদের সবাইকে গর্বিত করেছেন এবং আমাদের স্বপ্নকে আরও বড় করেছেন। জয় হিন্দ!”
বলিউড এবং ‘আরআরআর’ খ্যাত অভিনেতা অজয় দেবগণ তার টুইটে লিখেছেন, “যেমনটি প্রায়শই বলা হয়, সিনেমা একটি সর্বজনীন ভাষায় কথা বলে। ‘আরআরআর’ সেটিই প্রমাণ করলো। অস্কার জয়ের জন্য অভিনন্দন। এটি একটি গর্বের মুহূর্ত।”
হৃতিক রোশনও তার টুইটে লিখেছেন, “এবারের অস্কার ভারতীয় সিনেমার জন্য এমন একটি ঐতিহাসিক, গর্বিত এবং আনন্দের মুহূর্ত! একদিকে ‘সেরা ডকুমেন্টারি শর্ট ফিল্ম’ হিসেবে ‘দ্য এলিফ্যান্ট হুইসপার’ এর জয়। আরেকদিকে ‘নাটু নাটু’ গানের মধ্য দিয়ে ‘আরআরআর’ এর জয়। সত্যিই এটি আনন্দের।”
‘নাটু নাটু’র অস্কার জয়ের সাফল্যে আরও অভিনন্দন জানিয়েছেন আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়া, ‘কাশ্মীর ফাইলস’ খ্যাত পরিচালক বিবেক অগ্নিহোত্রী, অর্জুন রামপাল সহ বলিউডের আরও অনেক তারকাই।
চলচ্চিত্র জগতের সবচেয়ে অভিজাত পুরস্কার অস্কার। লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটার মঞ্চে ‘সেরা মৌলিক গান’ বিভাগে জয়ী ‘নাটু নাটু’ গানটির নাম ঘোষণা করতেই উঠে দাঁড়িয়ে হাততালি দেন উপস্থিতরা।
সূত্র: বলিউড লাইফ






