বিনোদন

মন কতোটা ভেজালো ‘অপারেশন সুন্দরবন’র প্রথম গান?

প্রেমের দৃশ্যে দুইজনের চোখে চোখ, মন কতোটা ভেজালো ‘অপারেশন সুন্দরবন’. Channel i News - চ্যানেল আই নিউজ

দুইজন প্রেমিক-প্রেমিকা রোমান্টিক মুহূর্তে একসাথে, পেছনে অন্য দম্পতি দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

সুন্দরবনে জলদস্যু দমন ও জীববৈচিত্র্য নিয়ে র‍্যাবের দুঃসাহসিক অভিযান নির্ভর ছবি ‘অপারেশন সুন্দরবন’। ছবিটি পরিচালনা করেছেন দীপংকর দীপন। বহুল প্রতীক্ষিত এ ছবি ২৩ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে। তার আগে প্রকাশ পেয়েছে এর প্রথম গান ‘এ মন ভিজে যায়’।

গানটি শুনে দর্শক বলছেন, বাপ্পা মজুমদারের কণ্ঠে গানটি সত্যি সত্যি হৃদয় ও মন ছুঁয়ে যাচ্ছে। গানে দেখা গেছে সিয়াম, নুসরাত ফারিয়া, রোশান, দর্শনা বণিক, তাসকিন, মনোজকে। ‘অপারশেন সুন্দরবন’র অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে গানটি। ছবির কলাকুশলীরা ফেসবুক পেজ থেকে লাইভে এসে নতুন গানটি প্রকাশ করেন।

বৃষ্টি ও রোমান্স, বিরহ কাতর সবকিছু মিশিয়ে গানটি লিখেছেন গোধূলি শর্মা। সুর ও সংগীত পরিচালনা করেছেন অম্লান চক্রবর্তী, সংগীতায়োজনে ছিলেন বব এস এন ও ইমন চৌধুরী। প্রকাশিত এ গানে অন্যরকম অনুভূতি পাচ্ছেন দর্শক।

কেউ কেউ বলছেন, গানটি শুনে পুরনো দিনের কথা মনে পড়ে যায়! কেউ কেউ বৃষ্টির মধ্যে গানটি শুনে আত্মতৃপ্তির কথা বলছেন।

‘অপারেশন সুন্দরবন’ প্রযোজনা করেছে র‌্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি লি.। র‌্যাবের সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদের অনুপ্রেরণায় লিগ্যাল মিডিয়ার তত্বাবধানে চলচ্চিত্রটি নির্মিত হচ্ছে। র‍্যাবের বিভিন্ন ব্যাটালিয়ন চলচ্চিত্রটি নির্মাণে সহায়তা প্রদান করেছে।

পরিচালক দীপংকর দীপন বলেন, ছবিটি বানানোর আগে রীতিমত গবেষণা করেছি; চলচ্চিত্রটি কী রকম হতে পারে, জলদস্যু থেকে শুরু করে নানা বিষয়গুলো কীভাবে আসতে পারে! সুন্দরবনের গল্প একটি মহাকাব্যিক আখ্যানের মতো। নানা অ্যাঙ্গেল যুক্ত হয়েছে এখানে। জলদস্যুদের অ্যাঙ্গেল, মাছ ব্যবসায়ীদের অ্যাঙ্গেল, ট্রলার ব্যবসায়ীদের অ্যাঙ্গেল, অস্ত্র ব্যবসায়ীদের অ্যাঙ্গেল, এই অঞ্চলের বাঘ গবেষণাকারীদের অ্যাঙ্গেল এবং ভিক্টিম হিসেবে প্রান্তিক জনগোষ্ঠির অ্যাঙ্গেল। শুধু তাই নয়, আমাদের গবেষণায় এমন একটি বিষয়ের কথা উঠে এসেছে যা আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি।

দীপংকর দীপন আরও বলেন, ‘অপারেশন সুন্দরবন’ শুধুমাত্র মাল্টিপ্লেক্স নির্ভর চলচ্চিত্র নয়। পুরো দেশের মানুষের জন্য চলচ্চিত্রটি বানিয়েছি। আশা করছি, আগামী ২৩ তারিখ সারাদেশের বিভিন্ন সিনেমা হলে মুক্তি পাবে ‘অপারেশন সুন্দরবন’।

চলচ্চিত্রের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন রিয়াজ আহমেদ, শতাব্দী ওয়াদুদ, মনির খান শিমুল, সিয়াম আহমেদ, নুসরাত ফারিয়া, জিয়াউল রোশান, তাসকিন রহমান, মনোজ প্রামানিক , দীপু ইমাম, এহসানুর রহমান প্রমুখ।

বিষয়:অপারেশন সুন্দরবন অস্ত্র এহসানুর রহমান জলদস্যু জিয়াউল রোশান তাসকিন রহমান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…