ভারতের রাজধানী দিল্লির মালভিয়া নগরে অবস্থিত ‘ফ্লোরিশ স্টে বিএনবি’ হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ২২ জনের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক রয়েছেন বলে জানিয়েছে দিল্লির বাংলাদেশ হাই কমিশন।
বৃহস্পতিবার ৪ জুন রাতে হাই কমিশনের ফেইসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, নিহত বাংলাদেশির নাম মোহাম্মদ নুরুল আমিন (৪৪)। তার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব ধরনের প্রক্রিয়া ও সহযোগিতা অব্যাহত রয়েছে। বিবৃতিতে বলা হয়, বুধবার সকালে সংঘটিত এই অগ্নিকাণ্ডে দুটি বাংলাদেশি পরিবার বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। চিকিৎসার উদ্দেশ্যে নিকটস্থ ম্যাক্স হাসপাতালে আসা পরিবার দুটি ওই হোটেলে অবস্থান করছিল।

আহত ও ক্ষতিগ্রস্ত বাংলাদেশি নাগরিকদের খোঁজখবর নিতে বাংলাদেশ হাই কমিশন সার্বক্ষণিকভাবে তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে। বৃহস্পতিবার সকালে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশি নাগরিকদের দেখতে যান এবং দায়িত্বরত চিকিৎসকদের কাছ থেকে তাদের শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য সংগ্রহ করেন।
হাই কমিশন জানিয়েছে, যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবেলা এবং রোগী ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখতে তাদের কর্মকর্তারা হাসপাতালে অবস্থান করছেন। একই সঙ্গে আহতদের প্রয়োজনীয় চিকিৎসা ও অন্যান্য সহায়তা নিশ্চিত করতে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গেও নিবিড় যোগাযোগ রাখা হচ্ছে।
এর আগে দুপুরে দেওয়া এক পৃথক বিবৃতিতে হাই কমিশন জানায়, অগ্নিকাণ্ডে অন্তত আটজন বাংলাদেশি আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, দিল্লির দক্ষিণাঞ্চলের মালভিয়া নগরের ‘ফ্লোরিশ স্টে বিএনবি’ হোটেলে বুধবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বহু হতাহতের পাশাপাশি বিদেশি নাগরিকরাও ক্ষতিগ্রস্ত হন।







