চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেপালের তুষারছোঁয়া পাহাড়ে নীরবতার সঙ্গে একান্ত সাক্ষাৎ

তুষার কান্তি সাহা তুষার কান্তি সাহা
৮:০৭ অপরাহ্ণ ৩০, জানুয়ারি ২০২৬
লাইফস্টাইল
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কিছু জায়গা আছে, যেখানে পৌঁছানোর আগেই মন ধীরে ধীরে শান্ত হয়ে আসে। চারপাশের কোলাহল, সময়ের তাড়া আর জীবনের জমে থাকা ক্লান্তি যেন অজান্তেই ঝরে পড়ে। কালিনচক ঠিক তেমনই এক নাম।

নেপালের দোলাখা জেলার এই পাহাড়ি জনপদে এক রাত কাটানো মানে শব্দ, ব্যস্ততা ও যান্ত্রিক জীবনের বাইরে গিয়ে নিজের সঙ্গে নীরবে কিছু সময় কাটানোর এক বিরল সুযোগ।

কালিনচক নেপালের একটি জনপ্রিয় পাহাড়ি পর্যটন কেন্দ্র। রাজধানী কাঠমুন্ডু থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে অবস্থিত এই অঞ্চলটি কালিন্চক ভগবতী মন্দির ও কুরি ভিলেজকে কেন্দ্র করে গড়ে উঠেছে। শীতকালে তুষারপাত, পরিষ্কার দিনে হিমালয়ের বিস্তৃত দৃশ্য আর সারাবছর পাহাড়ি নীরবতা সব মিলিয়ে কালিনচক যেন প্রকৃতি আর আধ্যাত্মিকতার এক অপূর্ব মিলনস্থল।

গত ২৬ ডিসেম্বর পরিবারসহ কালিন্চকের উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু। ভোরের কাঠমুন্ডু তখনও পুরোপুরি জেগে ওঠেনি। শহরের রাস্তা জুড়ে আলো–আঁধারির মৃদু খেলা, মাঝে মাঝে ছুটে চলা দু-একটি গাড়ি। সেই আধো ঘুমন্ত শহরকে পেছনে ফেলে যখন পাহাড়ের দিকে এগোতে শুরু করলাম, তখনই বুঝে গেলাম এই যাত্রা শুধু গন্তব্যে পৌঁছানোর নয়, নিজেকে খুঁজে পাওয়ারও।

যত সামনে এগোচ্ছিলাম, ততই শহরের কোলাহল মিলিয়ে যাচ্ছিল। সরু পাহাড়ি রাস্তা, নিচে গভীর উপত্যকা, বরফগলা নদীর নিরবচ্ছিন্ন প্রবাহ আর মাঝেমধ্যে মেঘের সঙ্গে চোখাচোখি এই পথচলাই যেন ভ্রমণের প্রথম পুরস্কার। কখনো মনে হচ্ছিল, গাড়ি নয় আমরা ধীরে ধীরে কোনো এক নীরব জগতে প্রবেশ করছি।

কুরি ভিলেজে পৌঁছানোর কিছু আগে এক জায়গায় চা বিরতি। পাহাড়ের কোলে বসে গরুর দুধের গরম চা আর চিকেন মোমোর স্বাদ দীর্ঘ যাত্রার ক্লান্তি এক মুহূর্তে ভুলিয়ে দিল। সেই চায়ের ধোঁয়ার সঙ্গে যেন মন থেকেও ক্লান্তির ধোঁয়া উড়ে গেল।

সন্ধ্যার ঠিক আগমুহূর্তে পৌঁছালাম কুরি ভিলেজে। পাহাড়চূড়ার আলো তখন বিদায়ের প্রস্তুতিতে। চারপাশে ছড়িয়ে পড়ছিল নরম সোনালি আভা। হিমশীতল বাতাস শরীর ছুঁয়ে গেলেও মন ভরে উঠল এক অদ্ভুত উষ্ণতায়। একতলা ও দোতলা টিন কাঠের ঘর, লাল–নীল রঙের টিনের চাল, প্রতিটি ঘরের সামনে জ্বলছে ফায়ার প্লেস। পর্যটকরা কেউ নাচ–গানে, কেউ গল্পে, কেউ বা শুধু আগুনের দিকে তাকিয়ে নীরবতায় ডুবে আছে। পুরো গ্রামটা যেন কোনো উৎসবের জন্য সাজানো এক পাহাড়ি মঞ্চ।

রাত নামতেই আকাশজুড়ে ফুটে উঠল অসংখ্য তারা। পাহাড়ি নিস্তব্ধতা আর শীতল বাতাসের মাঝে দাঁড়িয়ে মনে হচ্ছিল এ যেন সময়ের বাইরে দাঁড়িয়ে থাকা এক গ্রাম, যেখানে ঘড়ির কাঁটা নয়, অনুভূতিই সময়কে চালনা করে।

তীব্র ঠান্ডার কারণে অল্প সময় ঘোরাঘুরির পর লজে ফিরে এলাম। ভেতরে হালকা আড্ডা, গান আর চা চক্র। রাত সাড়ে আটটার দিকে ডিনার পরিবেশন করা হলো রুটি, ভাত, সালাদ, সবজি, ডাল, পাপড় আর মুরগির মাংস। সাধারণ খাবার হলেও পাহাড়ের শীতে তার স্বাদ যেন দ্বিগুণ।

ঘুমানোর আগে রুম সার্ভিস এসে জাজিমের ভেতরের গরম ডিভাইস চালু করে দিল। ধীরে ধীরে পিঠের নিচে উষ্ণতা ছড়িয়ে পড়ল। যদিও পা আর কানে ঠান্ডার তীব্রতা টের পাচ্ছিলাম। রাত আনুমানিক দুই তিনটার দিকে অতিরিক্ত গরমে ডিভাইস বন্ধ করতে হলো।

সেই রাতের ঘুম ছিল গভীর ও শান্ত। জানালার বাইরে পাহাড়ের নীরব পাহারা, আর ভেতরে জমে থাকা এক অনির্বচনীয় প্রশান্তি।

ভোরে ঘুম থেকে উঠে রওনা হলাম কালিনচক ভগবতী মন্দিরের উদ্দেশ্যে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩,৮৪২ মিটার উচ্চতায় অবস্থিত এই মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয় এ যেন বিশ্বাস আর প্রকৃতির মিলনবিন্দু। আমাদের লজ থেকে প্রায় ৫০০ মিটার দূরে কেবল কার স্টেশন। কেবল কার ভাড়া নেপালিদের জন্য ৬০০ নেপালী রুপি, আর সার্কভুক্ত দেশের নাগরিকদের জন্য ৯০০ নেপালী রুপি। মাত্র ৫–৭ মিনিটের যাত্রায় পৌঁছে গেলাম মন্দিরের বেজমেন্টে। কেবল কার থেকে নিচে তাকিয়ে দেখা গেল পিপড়ার সারির মতো অসংখ্য মানুষ পায়ে হেঁটে উপরে উঠছে পূজার উদ্দেশ্যে।

মন্দিরে পৌঁছেই মনটা অদ্ভুত এক প্রশান্তিতে ভরে গেল। পাহাড়, আকাশ আর বিশ্বাস সবকিছু যেন এক বিন্দুতে এসে মিলল। পরিষ্কার দিনে এখান থেকে দেখা যায় ল্যাংটাং, গণেশ হিমাল, গৌরী শঙ্কর এবং দূরের আকাশে মাথা তুলে থাকা মাউন্ট এভারেস্টসহ বিস্তৃত হিমালয় পর্বতমালা। সেই দৃশ্য শুধু চোখে নয়, হৃদয়েও গেঁথে যায়।

মন্দির দর্শন শেষে নিচে নেমে শুরু হলো স্নোর সঙ্গে শিশুসুলভ আনন্দ। কেউ বরফে গড়াগড়ি দিচ্ছে, কেউ ছবি তুলছে, কেউ বা সামান্য স্নো খেলায় মেতে উঠেছে। সাদা তুষারের মাঝে সেই হাসি আর উচ্ছ্বাস যেন পুরো সফরটাকে আরও জীবন্ত করে তুলল। ঘণ্টাখানেক বরফ খেলার পর রুমে ফিরে ফ্রেশ হয়ে নিলাম। নাস্তায় ছিল লুচি, সবজি, ডাল, ডিম সেদ্ধ, সালাদ আর রং চা। পাহাড়ের সকালে এই সাধারণ নাস্তাও যেন এক বিশেষ তৃপ্তি এনে দিল।

নাস্তা শেষে সকাল প্রায় ১১টার দিকে আমরা পুনরায় কাঠমুন্ডুর উদ্দেশ্যে রওনা দিলাম। পেছনে পড়ে রইল কুরি ভিলেজ, শ্বেতশুভ্র বরফ, পাহাড়ি নীরবতা আর এক রাতের অমূল্য প্রশান্তি।

কালিনচক ভ্রমণ মানে শুধু পাহাড় দেখা নয়। এটি নীরবতা, বিশ্বাস আর নিজের সঙ্গে সময় কাটানোর এক গভীর সুযোগ। এক রাতের এই সফর বুঝিয়ে দেয়—জীবনে কিছু জায়গা আছে, যেখানে সময় নয়, অনুভূতিই সবচেয়ে বড় সঙ্গী।

ট্যাগ: কাঠমুন্ডুকালিনচকনেপালভ্রমণ
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলে শ্রীলঙ্কার সাবেক অলরাউন্ডার

পরবর্তী

‘নিরাপত্তা শঙ্কা বা অন্য কারণে কেউ খেলতে না চাইলে বাদ দেয়া উচিৎ’

পরবর্তী

‘নিরাপত্তা শঙ্কা বা অন্য কারণে কেউ খেলতে না চাইলে বাদ দেয়া উচিৎ’

যাদের নিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলবে সংযুক্ত আরব আমিরাত

সর্বশেষ

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT