এই খবরটি পডকাস্টে শুনুনঃ
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে হামের উপসর্গ নিয়ে আরও একজন শিশুর মৃত্যু হয়েছে। এই নিয়ে চলতি বছরে হাসপাতালটিতে চিকিৎসাধীন অবস্থায় মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ জনে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আজ (২৩ মে) শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৯ শিশু হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে ১০০ শিশু।
মৃত শিশুটির মৃত্যু সনদে হামের উপসর্গের পাশাপাশি নিউমোনিয়া ও হৃদ্রোগজনিত জটিলতার কথা উল্লেখ করা হয়েছে। শিশুটি সাড়ে তিন বছর বয়সী এক কন্যাশিশু। তার বাড়ি ময়মনসিংহের ফুলপুর উপজেলায়। গত ২০ মে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে শুক্রবার দুপুর ১২টা ৫০ মিনিটে তার মৃত্যু হয়।
গত ১৭ মার্চ থেকে শনিবার সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট এক হাজার ৫৬০ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এক হাজার ৪২৫ শিশু। গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ শিশু সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে। এসময়ে কাউকে ঢাকায় রেফার করা হয়নি।
চলতি বছরের ফেব্রুয়ারি থেকে অল্পসংখ্যক শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হতে শুরু করে। তবে মার্চের মাঝামাঝি থেকে রোগীর সংখ্যা দ্রুত বাড়তে থাকে। পরিস্থিতি মোকাবেলায় হাসপাতালটিতে ৬৪ শয্যাবিশিষ্ট পৃথক আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। সেখানে তিনটি মেডিকেল টিম সার্বক্ষণিক চিকিৎসাসেবা দিচ্ছে।
হাসপাতালের জ্যেষ্ঠ স্টোর অফিসার ঝন্টু সরকার জানান, নতুন করে আরও এক শিশুর মৃত্যু হওয়ায় মোট মৃত্যুর সংখ্যা ৩৫ জনে পৌঁছেছে। একই সময়ে নতুন ২৯ শিশু ভর্তি হয়েছে বলে জানান তিনি।







