চলমান রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে গান নিয়ে দেশ-বিদেশ ছুটেছেন সংগীতশিল্পীরা। দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হচ্ছে জমকালো সব গানের আয়োজন। তারই ধারাবাহিকতায় এবার কয়েক হাজার পরিবেশককে সুরের মূর্ছনায় মাতালেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ফাতিমা তুয যাহরা ঐশী।
সঙ্গে ছিলেন কণ্ঠশিল্পী সুইটিও। শনিবার সন্ধ্যায় পান্না গ্রুপের আয়োজনে ‘পরিবেশক সম্মেলন ২০২৩-২৪’ গাইলেন তারা। রাজধানীর হাজারীবাগে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে কয়েক হাজার পরিবেশকদের আগমন ঘটে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগীত সন্ধ্যার পাশাপাশি অনুষ্ঠানে পাঁচশ জনকে অ্যাওয়ার্ড প্রধান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মো. লোকমান হোসেন। সবশেষ মঞ্চে ওঠেন গানের শিল্পীরা। অনুষ্ঠানে ঐশী গেয়ে শোনান তার জনপ্রিয় গানগুলো।
জমকালো এই আয়োজন শেষ ‘দুষ্টু পোলাপাইন’ গান দিয়ে আলোচনায় আসা শিল্পী ঐশী বলেন, এ ধরনের আয়োজনে অংশ নিতে আমার সবসময় ভালো লাগে। এতে কোম্পানির কর্মকর্তা ও শুভানুধ্যায়ীরা উজ্জীবিত হয়ে থাকেন।
নিদারুণ ব্যস্ততার মাঝে বছরের অন্তত একটি দিন তাদের আনন্দে কাটে। তাছাড়া দর্শকদের আনন্দ দিতে পারলে, নিজেকে সার্থক মনে হয়।







