যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে রাতভর পাল্টাপাল্টি সামরিক হামলা এবং এশিয়ার প্রধান শেয়ারবাজারগুলোতে বড় ধরনের পতনের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও বেড়েছে।
সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
সর্বশেষ লেনদেনের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম এক শতাংশের বেশি বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ৮৫ ডলারের সীমা অতিক্রম করেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) বা ইউএস অয়েল ফিউচারের দামও দ্রুত বেড়ে ব্যারেলপ্রতি ৮০ ডলারের কাছাকাছি পৌঁছেছে। এর ফলে আগের কার্যদিবসের ক্ষতি পুরোপুরি পুষিয়ে গেছে।
বিশ্লেষকদের মতে, চলতি সপ্তাহে তেলের দুটি প্রধান বেঞ্চমার্কের দাম সম্মিলিতভাবে প্রায় ১২ শতাংশ বেড়েছে। ধারাবাহিক এই মূল্যবৃদ্ধির কারণে ব্রেন্ট ক্রুড টানা তৃতীয় সপ্তাহ এবং ডব্লিউটিআই টানা দ্বিতীয় সপ্তাহ সাপ্তাহিক ভিত্তিতে ঊর্ধ্বমুখী থাকার পথে রয়েছে।
এদিকে মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান সংঘাতের প্রভাব এশিয়ার পুঁজিবাজারেও পড়েছে। শুক্রবার দিনের শুরুতেই অঞ্চলের কয়েকটি গুরুত্বপূর্ণ শেয়ারবাজারে বড় ধরনের দরপতন দেখা যায়। এর মধ্যে জাপানের প্রধান সূচক নিক্কেই ২২৫ তিন শতাংশের বেশি কমে যায়।
বিনিয়োগকারীদের মধ্যে ভূরাজনৈতিক ঝুঁকি নিয়ে উদ্বেগ বাড়তে থাকায় বৈশ্বিক আর্থিক বাজারে অস্থিরতা আরও তীব্র হয়েছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।







