আবারও ছোট পর্দায় দর্শক নন্দিত ‘অজ্ঞাতনামা’

অজ্ঞাতনামা নাটকের একটি দৃশ্য যেখানে তিনজন পুরুষের মুখাবয়ব দেখা যাচ্ছে, নাটকের চরিত্রের অভিব্যক্তি ফুটে উঠেছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
ইমপ্রেস টেলিফিল্মের আলোচিত সিনেমাগুলোর একটি ‘অজ্ঞাতনামা’। তৌকীর আহমেদ পরিচালিত দর্শক নন্দিত সিনেমাটি আবারও ছোট পর্দায় দেখতে পারবেন দর্শক!
সোমবার (১৬ অক্টোবর) দুপুর ৩টা ৫ মিনিটে গ্রামীণফোনের সৌজন্যে দর্শক চ্যানেল আইয়ের পর্দায় ‘অজ্ঞাতনামা’ দেখতে পারবেন।
২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘অজ্ঞাতনামা’ তৌকীর আহমেদের চতুর্থ পরিচালিত সিনেমা। মানবপাচারের কাহিনী নিয়ে নির্মিত এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, মোশাররফ করিম, ফজলুর রহমান বাবু ও নিপুণ আক্তার।
সিনেমাটি ২০১৬ সালের ১৭ মে ৬৯তম কান চলচ্চিত্র উৎসবে বাণিজ্যিক শাখায় প্রদর্শিত হয়। এছাড়া ইতালির গালফ অফ ন্যাপলস ইন্ডিপেনডেন্ট ফিল্ম ফেস্টিভালে প্রদর্শিত হয় এবং জুরি স্পেশাল মেনশন পুরস্কার অর্জন করে। ২০১৬ সালে ১৯ এপ্রিল ছবিটি বাংলাদেশ প্রেক্ষাগৃহে মুক্তি পায়। অল্প সংখ্যক প্রেক্ষাগৃহে মুক্তি পেলেও সিনেমাটি দর্শক ও সমালোচকদের কাছ থেকে ইতিবাচক সাড়া লাভ করে। ৮৯তম একাডেমি পুরস্কারে সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগের মনোনয়নের জন্য বাংলাদেশ থেকে নিবেদন করা হয়।
শুধু তাই নয়, সিনেমাটি ৪১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্র, খলচরিত্রে অভিনেতা ও কাহিনীকার বিভাগে পুরস্কার লাভ করে।






