বিশ্বকাপের জন্য ভারতের স্কোয়াড প্রস্তুত ছিল আগেই। এশিয়া কাপের ম্যাচ বিবেচনায় দরকার ছিল শুধু কিছু যাচাই-বাছাই। শনিবার ভারত-পাকিস্তান ম্যাচ চলাকালীন সেটিও ঠিক করে ফেলেছে বিসিসিআই। ভারতীয় সংবাদমাধ্যমে খবর, ঘরের মাঠের আসরের জন্য ১৫ সদস্যের দল ঠিক হয়ে গেছে।
বিসিসিআইয়ের প্রধান নির্বাচক অজিত আগারকার বিশ্বকাপের দল চূড়ান্ত করতে শনিবার শ্রীলঙ্কা গিয়েছিলেন। সেখানে অধিনায়ক রোহিত শর্মা ও কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে আলোচনার পর চূড়ান্ত করা হয়েছে স্কোয়াড। লোকেশ রাহুল জায়গা পেলেও বাদ পড়েছেন সাঞ্জু স্যামসন।
বিশ্বকাপে অধিনায়ক থাকবেন রোহিত শর্মা। ব্যাটিংয়ে থাকবেন শুভমন গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, শ্রেয়াস আয়ার, ঈশান কিষান ও সূর্যকুমার যাদব।
অলরাউন্ডার হিসেবে জায়গা হবে হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল ও শার্দূল ঠাকুরের। বোলিংয়ে জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ ও কূলদ্বীপ যাদব থাকবেন।
সাঞ্জু স্যামসন স্ট্যান্ডবাই থাকবেন। তিলক ভার্মা, প্রসিধ কৃষ্ণা ও যশস্বী জয়সওয়ালের খেলা হবে না বিশ্বকাপ।







