বিশ্বকাপে সেমিফাইনালের দৌড়ে অনেকটা এগিয়ে আছে অস্ট্রেলিয়া। অন্যদিকে ছয় ম্যাচে পাঁচ হারে সেমির দৌড় থেকে প্রায় ছিটকে গেছে ইংল্যান্ড। নিজেদের সপ্তম ম্যাচে মুখোমুখি হয়েছে দুদল। অজিদের বিপক্ষে অবশ্য নিয়ন্ত্রিত বল করেছেন ক্রিস ওকস ও আদিল রশিদরা। তবে মার্নাস লাবুশেনের দুর্দান্ত ইনিংসে বিশ্বচ্যাম্পিয়নদের ২৮৭ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে প্যাট কামিন্সের দল।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টসে জিতে অস্ট্রেলিয়াকে আগে ব্যাটের আমন্ত্রণ জানান ইংলিশ অধিনায়ক জশ বাটলার। ৪৯.৩ ওভারে ২৮৬ রানে গুটিয়ে যায় অজিরা।
দুই ওপেনারের ব্যর্থতার পর স্টিভেন স্মিথের সঙ্গে দুর্দান্ত জুটি গড়েছেন মার্নাশ লাবুশেন। ৫২ বলে ৪৪ রান করে ফিরে যান স্মিথ। অজিদের হয়ে সর্বোচ্চ করেছেন মার্নাশ লাবুশেন। ৭ চারে ৮৩ বলে ৭১ রান করে ফেরেন তিনি। ৫২ বলে ৪৭ রান করেছেন ক্যামেরুন গ্রিন।এছড়া মার্কাস স্টয়নিস ৩২ বলে ৩৫ রান ও শেষের দিকে ১৯ বলে ২৯ রানের ঝড়ো ইনিংস খেলেন অ্যাডাম জাম্পা।
ইংলিশদের হয়ে ক্রিস ওকস সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন। আদিল রশিদ ও মার্ক উড নেন দুটি করে উইকেট। এছাড়া ডেভিড উইলি ও লিয়াম লিভিংস্টোন নেন একটি করে উইকেট।







