‘আমরা ওপেনিং নিয়ে আর চিন্তা না করি। চিন্তাই বাদ দিয়ে দেই।’ ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে হতাশা নিয়ে কথাটি বলেছিলেন টাইগারদের সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। নিউজিল্যান্ডের বিপক্ষে সেই ওপেনিং জুটি আবারও ব্যর্থ। রানের খাতা না খুলেই ২৯তম জন্মদিনে আউট হয়েছেন লিটন দাস।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে কিউইদের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের সংগ্রহ ৬ ওভারে ১ উইকেটে ৩৭ রান। তানজিদ হাসান তামিম ১৬ ও মেহেদী হাসান মিরাজ ২০ রানে ক্রিজে আছেন।
ইংল্যান্ডের বিপক্ষে ওপেনিং জুটিতে টাইগাররা মাত্র ১৪ রানের বেশি যোগ করতে পারেনি। এর আগে প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে জিতলেও উদ্বোধনী জুটতে ১৯ রানের বেশি আসেনি।
চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে ট্রেন্ট বোল্টের করা ম্যাচের প্রথম বলেই ফ্লিকে বাতাসে বল ভাসান লিটন। স্কয়ার লেগে থাকা ম্যাট হেনরি খানিকটা শারীরিক ভারসাম্য হারালেও বল ধরতে ভুল করেননি। শূন্যরানে প্রথম উইকেট হারিয়ে চাপে পড়ে টিম টাইগার্স।
বোল্টের করা পঞ্চম বলে আউট হতে পারতেন তানজিদ তামিম। লেগ সাইডে স্টাম্পের বাইরের বলে ফ্লিক করলেও ঝাঁপিয়ে গ্লাভসে বল জমাতে পারেননি টম ল্যাথাম। ফাইন লেগ দিয়ে বল সীমানার বাইরে চলে যায়।
অল্পের জন্য বেঁচে গিয়েছেন মেহেদী হাসান মিরাজও। তৃতীয় ওভারের প্রথম বলটি ছিল অফ স্টাম্পের বাইরে। মিরাজ শট খেললে প্রথম স্লিপে থাকা ড্যারিল মিচেল ঝাঁপিয়ে অনেকটা বাতাসে ভেসেও ক্যাচের পর্যায়ে যেতে পারেননি, হয়ে যায় চার রান।










