আয়কর প্রশাসনে বড় ধরনের রদবদল করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রথমবারের মতো কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) এর মহাপরিচালকের দায়িত্ব পেয়েছেন একজন নারী কর্মকর্তা। কর অঞ্চল-৪ এর কমিশনার সেলিনা সুলতানাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার ২০ আগস্ট ২২ জন কর কমিশনারের দপ্তর পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি করেছে এনবিআর। একই সঙ্গে আয়কর গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক পদেও পরিবর্তন আনা হয়েছে।
এনবিআরের বিশেষায়িত গোয়েন্দা ইউনিট হিসেবে কাজ করে সিআইসি ও আয়কর গোয়েন্দা অধিদপ্তর। আয়কর, ভ্যাট ও কাস্টমস সংক্রান্ত বিভিন্ন ধরনের অনিয়ম ও অপরাধ তদন্তের দায়িত্ব রয়েছে এসব ইউনিটের ওপর।
প্রজ্ঞাপন অনুযায়ী, সিআইসির বর্তমান পরিচালক মোহাম্মদ আবদুর রকিবকে কর অঞ্চল-৮ এ বদলি করা হয়েছে। কর অঞ্চল-৪ এর কমিশনার সেলিনা সুলতানাকে সিআইসির মহাপরিচালক করা হয়েছে।
এ ছাড়া আয়কর গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. লুৎফুন্নাহার বেগমকে কর অঞ্চল-১১ এ এবং কর পরিদর্শন পরিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মহিদুল হাসানকে আয়কর গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক পদে বদলি করা হয়েছে।
অন্যদিকে কবির উদ্দিন মোল্লাকে কর অঞ্চল-৪, শহিদুল ইসলামকে কর আপিল অঞ্চল-৩ এবং নাজমা পারভীনকে কেন্দ্রীয় কর জরিপ অঞ্চলে পদায়ন করা হয়েছে।
১২ কর্মকর্তাকে কর কমিশনার পদে পদোন্নতি
এদিকে পৃথক আদেশে ১২ জন অতিরিক্ত কর কমিশনারকে চলতি দায়িত্বে কর কমিশনার পদে পদোন্নতি দেওয়া হয়েছে। পরে আরেকটি আদেশে তাদের নতুন কর্মস্থলও নির্ধারণ করা হয়।
পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন ড. নুরুল আমিন, মাহবুবুল মোর্শেদ, মিজানুর রহমান, মোহাম্মদ নাঈমুর রসুল, এজেডএম নূরুজ্জামান, মো. মনিরুজ্জামান, আশরাফুল ইসলাম, সালেহীন সিরাজ, মোহাম্মদ শাহ আলম, মোসাদ্দেক হুসেন, মির্জা মোহাম্মদ মামুন সাদাত এবং দুলাল চন্দ্র পান্ডে।










