বিশ্বকাপের যে রেকর্ডে সেরা পাঁচে দুবার আছে বাংলাদেশ

বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে একসাথে হাঁটছে, ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তের ছবি. Channel i News – চ্যানেল আই নিউজ
বিশ্বকাপে রানতাড়া করে জয়ের রেকর্ড গড়েছে পাকিস্তান। হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে ৩৪৫ রানের লক্ষ্যে নেমে সফলতা আনে বাবর আজমের দল। যা বিশ্বমঞ্চের ইতিহাসে সর্বোচ্চ রানতাড়ার রেকর্ড। ওয়ানডের বিশ্বআসরে রানতাড়ায় জেতার তালিকায় সেরা পাঁচে দুবার আছে বাংলাদেশের নাম।
২০১১ বিশ্বকাপে ইংল্যান্ডের ৩২৯ রান তাড়া করে ৩ উইকেটে জিতেছিল আয়ারল্যান্ড। সেই রেকর্ডটি মঙ্গলবার ভেঙেছে পাকিস্তান। আইরিশরা এখন দুইয়ে।
রানতাড়ার রেকর্ডের তালিকার তৃতীয় ও চতুর্থ স্থানে আছে লাল-সবুজের দল। ২০১৫ সালে স্কটল্যান্ডের বিপক্ষে ১১ বল হাতে রেখে ৩২২ রান করে টিম টাইগার্স, পায় ৬ উইকেটের জয়। পরে ২০১৯ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও ৩২২ রান তুলে ৭ উইকেটের জয় পায় বাংলাদেশ। হাতে ছিল ৫১ বল।
জিম্বাবুয়ের বিপক্ষে ১৯৯২ বিশ্বকাপে রানতাড়ায় ৩১৩ রান করে ৩ উইকেটে জিতেছিল শ্রীলঙ্কা। সেটি তালিকার পঞ্চম স্থানে রয়েছে।





