অপরাধ

প্রবাসীর কেনা বাড়িতে বাধা, নেপথ্যে কে?

প্রবাসীর কেনা বাড়িতে বাধা, নেপথ্যে কে?
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

দীর্ঘদিন দুবাইয়ে থেকে উপার্জন করা অর্থ, আত্মীয়-স্বজনের স্বর্ণালংকার বিক্রি এবং ব্যাংকঋণ নিয়ে রাজধানীর কলাবাগানে বাড়ি কিনেছিলেন ওমর ফারুক। জমির বায়না ও রেজিস্ট্রি সম্পন্ন হওয়ার পরও সেই বাড়িতে উঠতে পারছেন না বলে অভিযোগ করেছেন তিনি।

তার দাবি, বাড়ির দখল বুঝিয়ে দিতে গেলে মালিক পক্ষের ছেলে আবুল ফয়েজ ভূঁইয়া বাধা দেন এবং তাকে ও তার পরিবারকে নানা ধরনের ভয়ভীতি দেখান।

বাড়ির দখল বুঝে পাওয়া এবং আবুল ফয়েজ ভূঁইয়ার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এই দুবাইপ্রবাসী।

শনিবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে ওমর ফারুক জানান, তিনি দীর্ঘদিন ধরে দুবাইয়ে বসবাস করছেন। নিজের কষ্টার্জিত অর্থ দিয়ে রাজধানীর কলাবাগানের ৮৯/১ নম্বর ঠিকানায় ৯ শতাংশ জমিসহ একটি নির্মাণাধীন বাড়ি কেনার উদ্যোগ নেন। গত ১ জানুয়ারি বাড়িটির বায়না করেন এবং এপ্রিল মাসে রেজিস্ট্রি সম্পন্ন হয়।

ফারুকের অভিযোগ, রেজিস্ট্রি সম্পন্ন হওয়ার পর বাড়ির মালিক মোসা. সেতারা বেগম তাকে বাড়িটি বুঝিয়ে দিতে গেলে তার ছেলে আবুল ফয়েজ ভূঁইয়া এতে বাধা দেন। এ সময় তিনি বিভিন্ন ধরনের হুমকি দেন বলেও অভিযোগ করেন ফারুক।

সংবাদ সম্মেলনে ফারুক দাবি করেন, একপর্যায়ে আবুল ফয়েজ তার মাকে একটি কক্ষে আটকে রাখেন। পরে ৯৯৯ নম্বরে ফোন করা হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।

পরে তিনি জানতে পারেন, সেতারা বেগমের দেবর আবুল খায়ের ভূঁইয়া লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ছিলেন। বাড়ি নিয়ে বিরোধের বিষয়ে তার সঙ্গেও সাক্ষাৎ করেন।

ফারুক বলেন, বাড়িটি কেনার জন্য তিনি আত্মীয়-স্বজনের স্বর্ণালংকার বিক্রি করেন। পাশাপাশি সিটি ব্যাংক ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক থেকে ঋণ নেন। জীবনের দীর্ঘদিনের সঞ্চয় ও ঋণের অর্থ দিয়ে বাড়িটি কেনার পরও সেখানে বসবাস করতে না পারায় তিনি আর্থিক ও মানসিকভাবে চাপে পড়েছেন বলে দাবি করেন।

বাড়ির দখল নিয়ে বিরোধের বিষয়ে আবুল খায়ের ভূঁইয়ার সঙ্গে কয়েক দফা সাক্ষাৎ করেন বলেও জানান ফারুক। তার ভাষ্য, প্রথম সাক্ষাতে তাকে বিষয়টি সমাধানের আশ্বাস দেওয়া হলেও পরবর্তী সময়ে আরও তিনবার সাক্ষাৎ করেও কোনো সুরাহা হয়নি।

ফারুকের অভিযোগ, বর্তমানে আবুল ফয়েজ ভূঁইয়া তাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছেন এবং হয়রানি করছেন। রেজিস্ট্রি সম্পন্ন হওয়ার পরও কেন তিনি নিজের কেনা বাড়িতে উঠতে পারছেন না, সে বিষয়ে সরকারের সংশ্লিষ্ট মহলের হস্তক্ষেপ দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে ওমর ফারুক বলেন, তার কষ্টার্জিত অর্থে কেনা বাড়িটি তাকে বুঝিয়ে দেওয়া এবং অভিযোগের বিষয়ে সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

এ অবস্থায় ক্রয় করা বাড়ির দখল ফিরে পেতে এবং আবুল ফয়েজ ভূঁইয়ার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সরকারের সংশ্লিষ্ট মহলের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এই দুবাইপ্রবাসী।

বিষয়:কলাবাগান প্রবাসী বাড়ি দখল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…