বাগেরহাটের শরণখোলা উপজেলায় একটি বেসরকারি হাসপাতাল থেকে হাছিনা খানম (৩৪) নামে এক নার্সের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে উপজেলার রায়েন্দা পাঁচরাস্তা এলাকার গ্রামীণ জেনারেল হাসপাতালের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত হাছিনা খানম শরণখোলা উপজেলার উত্তর তাফালবাড়ি গ্রামের জসিম হাওলাদারের স্ত্রী। তিনি রায়েন্দা পাঁচরাস্তা এলাকার গ্রামীণ জেনারেল হাসপাতালে নার্স হিসেবে কর্মরত ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হাসপাতালের একটি কক্ষে বিশ্রাম নিচ্ছিলেন হাছিনা খানম। দীর্ঘ সময় ধরে ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে সহকর্মীরা দরজা ভেঙে তাকে উদ্ধার করেন। পরে দ্রুত শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অন্তরা দাস বলেন, হাসপাতালে আনার আগেই হাছিনা খানমের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তাছাড়া ঘটনাটি কীভাবে ঘটেছে, সে বিষয়ে তদন্ত চলছে বলেও জানান তিনি।







