পাহাড় শান্ত না থাকলে কেউই শান্তিতে থাকতে পারবে না: উপদেষ্টা সাখাওয়াত

উপদেষ্টা সাখাওয়াত বিমানবাহিনী কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করে আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেছেন, পাহাড় শান্ত না থাকলে কেউই শান্তিতে থাকতে পারবে না। পার্বত্য অঞ্চলে যাই হচ্ছে না কেন সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে, এটা আমাদের উপলব্ধি করতে হবে।
রোববার (২২ সেপ্টেম্বর) সরকারি এক সফরে বরিশালের বাংলাদেশ মেরিন একাডেমি পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, গত ১৫ বছরে বিভিন্ন মন্ত্রণালয়ে পুকুর বা সাগর নয়, দুর্নীতির মহাসাগর চুরি করা হয়েছে।
এসময় একাডেমির শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি প্যারেড প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন নৌ পরিবহন এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের এই উপদেষ্টা। সেখানে আরো উপস্থিত ছিলেন শেখ হাসিনা সেনানিবাসের জিওসি মে.জে. আবদুল কাইয়ুম মোল্লা, বরিশাল রেঞ্জ ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম, বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনসহ স্থানীয় সামরিক ও বেসামরিক প্রশাসনের উর্ধতন কর্মকর্তা।
একাডেমি পরিদর্শন শেষে উপদেষ্টা জানান, দেশের মেরিন একাডেমিগুলোর আধুনাকায়ন এবং এসব প্রতিষ্ঠান থেকে পাস করা শিক্ষার্থীদের বৈশ্বিক নৌ সেক্টরে আরো বেশি সংযুক্ত করার ব্যাপারে সরকারের সদ্বিচ্ছা রয়েছে। এসময় সাম্প্রতিক দেশের পাহাড়ি অঞ্চলে উত্তপ্ত পরিস্থিতি স্বাভাবিক করতে সব পক্ষকে আহ্বান জানান তিনি।






