বাংলাদেশ

পাহাড়খেকোরা যতই প্রভাবশালী হোক, নেওয়া হবে কঠোর ব্যবস্থা: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

পাহাড়খেকোরা যতই প্রভাবশালী হোক, নেওয়া হবে কঠোর ব্যবস্থা: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত কক্সবাজারের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এসময় তিনি বলেন, পাহাড়খেকোরা যতই প্রভাবশালী হোক না কেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (১৪ জুলাই) কক্সবাজার জেলার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের চান্দের পাড়ায় শতাধিক ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন প্রতিমন্ত্রী।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, অতীতে যেভাবে নির্বিচারে পাহাড় কাটা হয়েছে, বর্তমান সরকারের আমলে তা আর চলতে দেওয়া হবে না। কোথাও স্লুইসগেট বন্ধ রেখে কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টি করা হয়ে থাকলে, বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বন্যাদুর্গত মানুষের পাশে থাকার আশ্বাস দিয়ে বলেন, ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষা প্রতিষ্ঠানসহ সব ধরনের অবকাঠামো দ্রুত সংস্কার করা হবে। পাশাপাশি কৃষি, মৎস্য, গবাদিপশু ও বসতবাড়ির ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আওতায় আনা হবে। বন্যার পানি পুরোপুরি নেমে যাওয়ার পর সংশ্লিষ্ট দপ্তরগুলো ক্ষয়ক্ষতির চূড়ান্ত প্রতিবেদন দেবে। সেই প্রতিবেদনের ভিত্তিতেই পুনর্বাসন কার্যক্রম শুরু করা হবে।

পরিদর্শনকালে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফর রহমান কাজল, জেলা প্রশাসক মো. আ. মান্নান, পুলিশ প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিষয়:পাহাড়ধসবিদ্যুৎ প্রতিমন্ত্রী
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…