এই খবরটি পডকাস্টে শুনুনঃ
দেশে টানা অতিবর্ষণ, পাহাড়ি ঢল, বন্যা ও পাহাড়ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৫৪ জনে পৌঁছেছে। এ সময় আহত হয়েছেন আরও ৩৯ জন।
মঙ্গলবার (১৪ জুলাই) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রকাশিত বন্যা পরিস্থিতির সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বন্যাকবলিত এলাকায় বর্তমানে ১ লাখ ৫৫ হাজার ৩১১টি পরিবার পানিবন্দি অবস্থায় রয়েছে। খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জ এই সাত জেলায় বন্যা ও পাহাড়ি ঢলের কারণে মোট ৬ লাখ ৯ হাজার ৪১১ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
মৃতদের মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে কক্সবাজারে, যেখানে ৩১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া চট্টগ্রামে ১৩ জন, বান্দরবানে ৬ জন, রাঙামাটিতে ৩ জন এবং মৌলভীবাজারে ১ জনের মৃত্যু হয়েছে।
ক্ষতিগ্রস্ত মানুষের নিরাপদ আশ্রয়ের জন্য সরকার ১ হাজার ৪২টি আশ্রয়কেন্দ্র চালু করেছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এসব আশ্রয়কেন্দ্রে এখন পর্যন্ত ৩৮ হাজার ৪২২ জন আশ্রয় নিয়েছেন।







