হুট করেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন ওয়েস্ট ইন্ডিজের উইকেটরক্ষক-ব্যাটার নিকোলাস পুরান। ২৯ বছর বয়সেই এমন সিদ্ধান্ত নিয়েছেন টি-টুয়েন্টির বিশেজ্ঞ ব্যাটার। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবৃতিতে অবসরের কথা জানান মারকুটে বাঁহাতি। ফ্র্যাঞ্চাইজি লিগে দেখা যাবে তাকে।
মঙ্গলবার করা পোস্টে তিনি অবসরের ঘোষণা দেন। পুরান এমন সময়ে জাতীয় দলকে বিদায় বললেন, যখন ওয়েস্ট ইন্ডিজের হয়ে টি-টুয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ খেলা এবং সর্বোচ্চ রান সংগ্রহ তিনি।
আবেগঘন বার্তায় পুরান লিখেছেন, ‘মেরুন জার্সি গায়ে জড়ানো, জাতীয় সংগীতের সময় দাঁড়িয়ে থাকা, আর মাঠে নামলে প্রতিবার নিজের সবটুকু উজাড় করে দেয়া- এসব আমার কাছে আসলে কতটা গুরুত্ব বহন করে, তা শব্দে প্রকাশ করা খুব কঠিন।’
‘দলের অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেয়া আমার জীবনের এক অসাধারণ গৌরব, যা আমি আজীবন হৃদয়ে ধারণ করব। আমার ক্যারিয়ারের আন্তর্জাতিক অধ্যায় শেষ হলেও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের প্রতি আমার ভালোবাসা কখনোই ম্লান হবে না।’
২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হয় পুরানের। ওয়ানডে ও টি-টুয়েন্টিতে খেললেও টেস্টে কখনো সুযোগ হয়নি তার। ৬১ ওয়ানডের শেষটি খেলেছেন ২০২৩ সালে, এরপর থেকে কেবল টি-টুয়েন্টিতেই দেখা যাচ্ছিল। ক্যারিবীয়দের হয়ে ১০৬ ম্যাচ খেলে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে তার রান ২,২৭৫। স্ট্রাইক রেট ১৩৬.৩৯। ফিফটি ১৩টি, সর্বোচ্চ ৯৮। ছক্কা মেরেছেন ১৪৯টি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ, রান, ছক্কা, সব রেকর্ডই তার।
আর ৬১ ওয়ানডেতে প্রায় ১০০ স্ট্রাইক রেট ও ৩৯.৬৬ গড়ে রান করেছেন ১,৯৮৩। সেঞ্চুরি ৩টি, ফিফটি ১১টি। মূলত উইকেটরক্ষক হলেও মাঝেমধ্যে হাত ঘুরিয়েছেন। ওয়ানডেতে তার উইকেটও আছে ৬টি।
সাম্প্রতিক সময়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দুর্দান্ত ফর্মে আছেন। সদ্য শেষ হওয়া আইপিএলে প্রথমবার এক মৌসুমে ৫০০ রানের মাইলফলক স্পর্শ করেন, হাঁকান সর্বোচ্চ ৪০টি ছক্কা। আইপিএলের পর ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সফরের দল থেকে নিজেকে সরিয়ে রেখে কিছুটা বিশ্রামে ছিলেন। এরপরই এল অবসরের ঘোষণা।







