লিলের বিপক্ষে জয়ের রাতে স্ট্রেচারে মাঠ ছাড়তে হয়েছিল নেইমারকে। তখনই বোঝা যাচ্ছিল পিএসজির ব্রাজিলিয়ান তারকার চোট বেশ গুরুতর। শঙ্কাটা সত্যি হল। নেইমারের গোড়ালির লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে।
পিএসজি বিবৃতিতে জানিয়েছে, লিলের বিপক্ষে রোববারের ম্যাচে নেইমারের গোড়ালিতে ফাটলের আশঙ্কা করা হলেও তেমন কিছু হয়নি। এমআরআই ও পরে ফলোআপ স্ক্যানে দেখা গেছে তার অ্যাঙ্কেল মচকে গেছে এবং লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে।
লিগ ওয়ানে লিলের বিপক্ষে ৪-৩ গোলে জিতেছিল পিএসজি। দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষ ডিফেন্ডার বেঞ্জামিন আন্দ্রের সঙ্গে সংঘর্ষে ডান অ্যাঙ্কেলে আঘাত পান নেইমার। স্ট্রেচারে করে অশ্রুসিক্ত চোখে মাঠ ছাড়েন ৩১ বর্ষী ফরোয়ার্ড।
আগামী সপ্তাহের শুরুতে নেইমারের আরও কিছু পরীক্ষা করা হবে। চোটের বর্তমান অবস্থা অনুযায়ী চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোয় ফিরতি লেগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে দল থেকে বাদ পড়তে পারেন তিনি।
এমৌসুমে পিএসজির হয়ে ১৮ গোল করেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এবং গোল করিয়েছেন ১৭টি। চ্যাম্পিয়ন্স লিগে দুটি গোল ও তিনটি অ্যাসিস্ট করেছেন।
অন্যদিকে পিএসজির লেফট ব্যাক নুনো মেন্ডেস চোট কাটিয়ে ফিরছেন। হাঁটুর ইনজুরি কাটিয়ে ওঠায় চলতি সপ্তাহে দলের সঙ্গে অনুশীলন শুরু করবেন ২০ বর্ষী তারকা।
৯ মার্চ চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর ফিরতি লেগে বায়ার্নের মাঠে নামবে পিএসজি। প্রথম লেগে ঘরের মাঠে জার্মান জায়ান্টদের কাছে ১-০ গোলে হেরে ঘুরে দাঁড়ানোর মিশনে আছে ফরাসি চ্যাম্পিয়নরা।







