ব্রাজিলিয়ান সিরি আ’তে ভাস্কো দা গামা ৬-০ ব্যবধানে ঐতিহাসিক জয় তুলেছে সান্তোসের বিপক্ষে। এত বড় হারের কিছুপরই প্রধান কোচ ক্লেবার হাভিয়েরের ক্লাব ছাড়ার খবর জানিয়েছে সান্তোস কর্তৃপক্ষ। বিবৃতিতে ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য শুভ কামনা জানিয়ে হাভিয়েরের বিদায়ের কথা নিশ্চিত করেছে ক্লাবটি। দায়িত্বে কে আসবেন সেটি এখনও পরিষ্কার করেনি সান্তোস।
এক্স হ্যান্ডলে সোমবার ম্যাচ শেষে সান্তোস এক পোস্টে জানায়, ‘সান্তোস ফুটবল ক্লাবের কোচ ক্লেবার হাভিয়ের পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তার সেবার জন্য সান্তোস ধন্যবাদ জানাচ্ছে এবং তার ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য শুভ কামনা জানাচ্ছে।’
৬১ বর্ষী এই ব্রাজিলিয়ান কোচ পালমেইরাস এবং ফ্লেমেঙ্গোর মতো ক্লাবে সহকারী ব্যবস্থাপকের দায়িত্ব ছিলেন। গত এপ্রিলে সান্তোসের কোচিংয়ের দায়িত্ব নিয়ে ১৯ ম্যাচে ২১ পয়েন্টে সান্তোসকে ১৫তম স্থানে রেখে বিদায় নিচ্ছেন।
সাও পাওলোর মোরাম্বিস স্টেডিয়ামে সোমবার বার্সেলোনা ও লিভারপুলের সাবেক ফিলিপে কৌতিনহো ভাস্কো দা গামার হয়ে জোড়া গোল করেন। নেইমারকে নিয়ে একাদশ সাজালেও সান্তোস নিজেদের ইতিহাসের বাজে হার এড়াতে পারেনি। প্রথমার্ধে এক গোল হজম করে দ্বিতীয়ার্ধে ১৬ মিনিটের ব্যবধানে ভাস্কো দা গামা তাদের জালে আরও ৫ বার বল পাঠায়।







