ব্রাজিল জাতীয় দলের হয়ে সর্বশেষ ২০২৩ সালের অক্টোবরে মাঠে নেমেছিলেন নেইমার। সেই ম্যাচে অ্যান্টেরিওর ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) চোটে পড়েছিলেন তিনি। এরপর থেকে আর জাতীয় দলে ফিরতে পারেননি ৩৩ বর্ষী ফরোয়ার্ড। সর্বশেষ জুনের ফিফা উইন্ডোতে ফেরার কথা থাকলেও পুরোপুরি ফিট না থাকায় তাকে দলে রাখেননি কোচ কার্লো আনচেলত্তি। অবশেষে ২২ মাস পর জাতীয় দলে ফিরতে চলেছেন নেইমার।
ব্রাজিলীয় সংবাদমাধ্যমে খবর, ইতালিয়ান কোচ আনচেলত্তি সান্তোস তারকাকে বিশ্বকাপ বাছাইয়ের শেষ দুই ম্যাচের দলে অন্তর্ভুক্ত করেছেন। যা ফিফার কাছে পাঠাবে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। নেইমার বর্তমানে ক্লাবের জার্সিতে ভালো অবস্থায় আছেন। ২৫ আগস্ট ব্রাজিল জাতীয় দলের আনুষ্ঠানিক স্কোয়াড ঘোষণায় থাকতে পারে নেইমারের নাম।
২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে দুই ম্যাচ বাকী আছে ব্রাজিলের। ৫ সেপ্টেম্বর ঘরের মাঠে চিলি এবং ১০ সেপ্টেম্বর শেষ ম্যাচে বলিভিয়ার মাঠে লড়াইয়ে নামবে সেলেসাও বাহিনী। যদিও বাছাইয়ের পয়েন্ট টেবিলে তিনে থেকে ইতিমধ্যেই যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় হতে চলা বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দল। ১৬ ম্যাচে তাদের পয়েন্ট ২৫। সমান ম্যাচ ও পয়েন্ট নিয়ে দুইয়ে ইকুয়েডর এবং ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা।
আনচেলত্তির অধীনে ইতোমধ্যে ব্রাজিল দুটি বাছাইয়ের ম্যাচ খেলেছে। গত জুনে ইকুয়েডরের সঙ্গে গোলশূন্য ড্র এবং প্যারাগুয়ের বিপক্ষে ১-০তে জেতে ভিনিসিয়াস-রাফিনহারা।










