নেইমারের আল হিলালে গেলেন বিশ্বকাপ মাতানো বোনো

নেইমার ফুটবল গিয়ার পরিহিত, হাসিমুখে ছবি, হাতে বল ও গ্লাভস।. Channel i News – চ্যানেল আই নিউজ
তিন বছরের চুক্তিতে সৌদি প্রো লিগের আল হিলালে যোগ দিয়েছেন বিশ্বকাপে আলো ছড়ানো গোলরক্ষক ইয়াসিন বোনো। ক্লাবের সঙ্গে মরক্কোর তারকার চুক্তির শর্তগুলো প্রকাশ করা হয়নি। স্প্যানিশ গণমাধ্যমগুলো জানচ্ছে, সেভিয়া থেকে আসা বোনোকে ২১ মিলিয়ন ইউরো দেবে আল হিলাল।
সম্প্রতি আল হিলালে নাম লিখিয়েছেন নেইমার। ব্রাজিলিয়ান তারকার পর মরক্কোর গোলরক্ষককে দলে টানল সৌদি ক্লাবটি। রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখ বোনোকে টানার চেষ্টা করলেও কাজ হয়নি।
বোনো ২০২০ সালে স্প্যানিশ ক্লাব সেভিয়ায় যান। ক্লাবটির সাথে তার চুক্তির মেয়াদ ২০২৫ সালের জুন পর্যন্ত ছিল। মেয়াদ শেষের আগেই সৌদিতে পাড়ি জমালেন সবশেষ ইউরোপা লিগ জেতা বোনো। ২০১৯-২০ মৌসুমেও সেভিয়ার হয়ে ইউরোপা জিতেছিলেন।
সৌদি আরব তো বটেই, এশিয়ার সবচেয়ে সফল ক্লাব আল হিলাল। দলটি এপর্যন্ত ১৮বার ঘরোয়া লিগ শিরোপা এবং ৪বার এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের মুকুটসহ ৬৬টি ট্রফি জিতেছে।
ক্লাবটি একবছরের চুক্তিতে পর্তুগিজ কোচ হোর্হে জেসাসকে আবারও নিয়োগ দিয়েছে। উলভারহ্যাম্পটনের সাবেক অধিনায়ক রুবেন নাভাস, সার্বিয়ার সের্গেই মিলিনকোভিক-সাভিচ, সেনেগাল ডিফেন্ডার কালিদু কৌলিবালি এবং ব্রাজিলিয়ান স্ট্রাইকার ম্যালকমকেও আল হিলাল চুক্তিবদ্ধ করেছে।






