ক্রিকেট

রান-ঢেউয়ের ম্যাচে হেরে শুরু আফ্রিদির পাকিস্তানের

নিউজিল্যান্ডে টি-টুয়েন্টি সিরিজ

Pakistani cricket team celebrating on the field during a match. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তান ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে জয় উদযাপন করছে, ম্যাচের উত্তেজনাপূর্ণ মুহূর্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

নিউজিল্যান্ডে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে প্রথমটিতে হেরে শুরু করেছে পাকিস্তান। অকল্যান্ডে টসে জিতে প্রথমে বল করা শাহিন আফ্রিদিরা স্বাগতিকদের তাণ্ডব ঠেকাতে পারেননি। কিউইদের করা ২২৬ রানের জবাবে নেমে ১৮০ রানে অলআউট হয় সফরকারী দল। কিউইরা জয় পায় ৪৬ রানে।

নিউজিল্যান্ড ও পাকিস্তানের ইনিংস মিলিয়ে মোট উঠেছে ৪০২ রান, যা রেকর্ড গড়েছে। এটাই দুদলের ম্যাচে সর্বোচ্চ রান। ইনিংসে পাকিস্তানের হয়ে ক্যাচের রেকর্ড গড়েছেন ওপেনার সায়েম আইয়ুব। ইয়াসির শাহ’র তিন ক্যাচের রেকর্ড ছাড়িয়ে চারটি ক্যাচ নিয়ে নতুন রেকর্ড গড়েছেন।

প্রথমে ব্যাট করতে নামা নিউজিল্যান্ড ৮ উইকেট হারিয়ে ২২৬ রান তোলে। ডেভন কনওয়ে শূন্য রানে আউট হলেও ঝড়ো ইনিংস খেলেন ফিন অ্যালেন (৩৪)। ৪২ বলে ফিফটি তুলে নেন অধিনায়ক কেন উইলিয়ামসন (৫৭)। ২৭ বলে ৬১ রানের আরেকটি ঝড়ো ইনিংস আসে ড্যারিল মিচেলের থেকে।

শেষদিকে গ্লেন ফিলিপস ও মার্ক চ্যাপম্যানের ১১ বলে ১৯ ও ২৬ রানের সুবাদে দুইশ পেরিয়ে থামে সংগ্রহ। পাকিস্তান অধিনায়ক শাহিন আফ্রিদি ও আব্বাস আফ্রিদি ৪ ওভারে ৩ উইকেট করে নেন। ২ উইকেট নেন হারিস রউফ।

জবাব দিতে নেমে ওপেনিংটা ভালো শুরু করেন সায়েম আইয়ুব ও মোহাম্মদ রিজওয়ান। ৮ বলে ২৭ রানের ইনিংস খেলে রানআউটে কাটা পড়েন আইয়ুব। বাবর খেলেন ৬৮ বলে ৫৭ রানের ইনিংস। রিজওয়ানের ২৫ ও ইফতিখার আহমেদের ২৪ রানের পর হার এড়াতে পারেনি পাকিস্তান।

২৫ রানে ৪ উইকেট নেন পেসার টিম সাউদি। ২টি করে উইকেট নিয়েছেন অ্যাডাম মিলনে ও বেন সিয়ার্স। সিরিজে ১-০তে এগিয়ে গেল নিউজিল্যান্ড। দ্বিতীয় ম্যাচটি ১৪ জানুয়ারি।

বিষয়:আব্বাস উইলিয়ামসন নিউজিল্যান্ড পাকিস্তান বাবর মিচেল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…