আন্তর্জাতিক

নিউইয়র্ক টাইমসের কর্মকর্তাকে গুলি করে হত্যার ঘটনায় স্ত্রীর গুরুতর অভিযোগ

নিউইয়র্ক টাইমসের কর্মকর্তাকে গুলি করে হত্যার ঘটনায় স্ত্রীর গুরুতর অভিযোগ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিউইয়র্ক টাইমসের এক প্রযুক্তি কর্মকর্তাকে গুলি করে হত্যার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। জোনাথন ম্যাককিনসি নামের ওই কর্মকর্তাকে হত্যার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন তার শ্বশুর-শাশুড়ি। হত্যাকাণ্ডের পর আদালতের নথি ঘেঁটে তার বিরুদ্ধে স্ত্রী ও সন্তানদের নির্যাতনের গুরুতর অভিযোগের তথ্য প্রকাশ্যে এসেছে।

নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ম্যাককিনসির বিরুদ্ধে ২০২৫ সালের দুটি শিশুনির্যাতনের অভিযোগের তথ্য পাওয়া গেছে আদালতের নথিতে। তার স্ত্রী ক্যান্ডিস জাং পুলিশকে জানিয়েছিলেন, ম্যাককিনসি তাদের ছয় বছর বয়সী ছেলের মুখে খোলা হাতে আঘাত করেছিলেন। স্ত্রী আরও অভিযোগ করেছিলেন, ২০১৮ সালে একটি পারিবারিক সহিংসতার ঘটনায় ম্যাককিনসি তার বাম হাতে আঘাত করেছিলেন, যার ফলে সেখানে কালশিটে দাগ তৈরি হয়।

২০২৫ সালের ওই ঘটনার তদন্তে পুলিশ তাদের বাড়িতে গিয়ে দুই বছর বয়সী আরেক সন্তানকে ওপরের একটি কক্ষে একা অবস্থায় পেয়েছিল বলে আদালতের নথিতে উল্লেখ করা হয়েছে। সে সময় ম্যাককিনসি কেনাকাটার জন্য বাইরে ছিলেন। তবে এসব অভিযোগ অস্বীকার করে ম্যাককিনসি নিজেকে নির্দোষ দাবি করেছিলেন। পরে তাকে জামিনে মুক্তি দেওয়া হয় এবং প্যারেন্টিং ক্লাসে অংশ নেওয়ার শর্ত দেওয়া হয়েছিল।

৪০ বছর বয়সী ম্যাককিনসি নিউইয়র্ক টাইমসের গেমস প্লেয়ার এক্সপেরিয়েন্স বিভাগের ইঞ্জিনিয়ারিং পরিচালক ছিলেন। শনিবার বেলা ৩টার দিকে ডাবলিন স্পোর্টস গ্রাউন্ডসের পার্কিং এলাকায় তাকে গুলি করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, মুখোশ পরা দুই ব্যক্তি তার কাছে গিয়ে গুলি ছোড়েন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার দুজন হলেন ৭৭ বছর বয়সী শৌইয়ং ঝাং ও তার স্ত্রী শিলি চেন। তারা ম্যাককিনসির স্ত্রী ক্যান্ডিস জাংয়ের বাবা-মা।

বিষয়:নিউইয়র্ক টাইমসযুক্তরাষ্ট্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…