অপরাধ

৩৫ কাঠা জমি নিয়ে বিরোধ, নিউগিনি প্রপার্টিজে হামলার নেপথ্যে কী?

৩৫ কাঠা জমি নিয়ে বিরোধ, নিউগিনি প্রপার্টিজে হামলার নেপথ্যে কী?

২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের পর রাজধানীর মানিকদীতে আবাসন প্রকল্পের জমি দখল ও পাল্টা দখলকে কেন্দ্র করে অন্তত তিন দফা হামলা ও সংঘর্ষের তথ্য পেয়েছে পুলিশ। সর্বশেষ শনিবার রাতে ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে নিউগিনি প্রপার্টিজের আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর, লুটপাট ও গোলাগুলির ঘটনা সেই পুরোনো বিরোধকে আবার সামনে এনেছে। পুলিশের তদন্তে স্থানীয় বিভিন্ন পক্ষ, আবাসন ব্যবসা এবং জমির মালিকানা নিয়ে বিরোধের তথ্য উঠে এসেছে।

সর্বশেষ ঘটনায় এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ। এর মধ্যে ডিবি দুজনকে এবং ক্যান্টনমেন্ট থানা পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এজাহারভুক্ত আসামি মিজানুর রহমানকেও সোমবার পশ্চিম মাটিকাটা এলাকা থেকে গ্রেপ্তার করে ডিবি।

তিন দফা বিরোধের তথ্য
ক্যান্টনমেন্ট থানার পরিদর্শক (অপারেশন) সুব্রত দেবনাথ বলেন, দীর্ঘদিন ধরে ওই এলাকায় আবাসন ব্যবসা ও জমির মালিকানা নিয়ে বিরোধ চলছে। সর্বশেষ হামলায় দেশীয় অস্ত্রের পাশাপাশি আগ্নেয়াস্ত্র ব্যবহারের তথ্য পেয়েছে পুলিশ। অস্ত্রধারী আরও কয়েকজনকে শনাক্ত করে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পুলিশের তদন্তে ২০২৪ সালের ৭ আগস্ট নিউগিনি হাউজিংয়ের ভেতরে আরেকটি হামলার তথ্যও পাওয়া গেছে। ওই ঘটনায় ‘অনলাইন গ্রুপ’ নামে একটি ডেভেলপার প্রতিষ্ঠানের জমি দখলকে কেন্দ্র করে বিরোধের তথ্য আসে। পুলিশের দাবি, তৎকালীন সরকার পতনের পর প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আত্মগোপনে থাকার সুযোগে জমি দখলের অভিযোগ ওঠে।

এরপর ২০২৫ সালের সেপ্টেম্বরে দক্ষিণ মানিকদীতে মসজিদ ও শ্রমিকদের থাকার ঘর নির্মাণকে কেন্দ্র করে নিউগিনি কর্তৃপক্ষের সঙ্গে স্থানীয়দের বিরোধ হয়। এ ঘটনায় থানায় অভিযোগও রয়েছে।

বিরোধের মধ্যে সালমান মুক্তাদিরের স্টুডিও
সর্বশেষ হামলার আগে নিউগিনি প্রপার্টিজের বিভিন্ন স্থাপনা নিয়ে বিরোধের মধ্যে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওও আসে। নিউগিনি কর্তৃপক্ষ জানিয়েছে, বিরোধপূর্ণ এলাকায় তাকে জমি লিজ দেওয়া হয়েছিল। চেয়ারম্যান নাজিম উদ্দিন ভূঁইয়ার ভাষ্য, ‘আমার প্রতিষ্ঠানের জমি আমি চার বছরের জন্য তাকে লিজ দিয়েছি।’

পুলিশের একটি সূত্র বলছে, বিরোধপূর্ণ জমিতে সালমান মুক্তাদিরের পরিচিতি ব্যবহার করে প্রভাব তৈরির চেষ্টা হয়েছিল কি না, তা তদন্ত করা হচ্ছে। সালমানের বক্তব্য অনুযায়ী, তাঁর কাছে সরাসরি কেউ চাঁদা দাবি করেননি।

নিউগিনি প্রপার্টিজের চেয়ারম্যান নাজিম উদ্দিন ভূঁইয়া দাবি করেছেন, সর্বশেষ হামলার আগে তার কাছে চাঁদা দাবি করা হয়েছিল। এ বিষয়ে তিনি ক্যান্টনমেন্ট থানায় সাধারণ ডায়েরি করেছিলেন। তার অভিযোগ, জিডির পরও ব্যবস্থা নেওয়া হয়নি এবং এর পরই হামলার ঘটনা ঘটে।

অন্যদিকে পুলিশ জানিয়েছে, নিউগিনি মালিকপক্ষের সঙ্গে একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের মামলা রয়েছে। চেয়ারম্যান নাজিম উদ্দিনের বিরুদ্ধেও পাঁচটি মামলা থাকার কথা জানিয়েছে পুলিশ।

আসামিদের রাজনৈতিক পরিচয়ও তদন্তে
হামলার মামলায় বিভিন্ন রাজনৈতিক পরিচয়ের ব্যক্তিদের নাম আসায় বিষয়টি নিয়েও তদন্ত করছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মামলার ১ নম্বর আসামি শাহরিয়া মাহমুদকে পুলিশ সাবেক প্রজন্ম লীগের কর্মী হিসেবে উল্লেখ করেছে। পুলিশ বলছে, তিনি বর্তমানে একটি মাদ্রাসায় শিক্ষকতা করেন।

আরেক আসামি আবুল কাশেমের জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। হামলায় অংশ নেওয়া ইব্রাহীমসহ কয়েকজন স্থানীয় যুবদলের কর্মী বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে। তবে এসব রাজনৈতিক পরিচয় ও সম্পৃক্ততার তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছে তদন্তসংশ্লিষ্টরা।

তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিদের দাবি, বিরোধপূর্ণ প্রায় ৩৫ কাঠা জমি উদ্ধার করে দিতে পারলে জমির একটি অংশের মালিকানা দেওয়ার প্রতিশ্রুতি পেয়ে মামলার ১ নম্বর আসামি শাহরিয়া মাহমুদ হামলার পরিকল্পনা ও লোক জড়ো করার দায়িত্ব নেন। মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের স্থানীয় নেতা শাহ আলম অনিক তাকে লোকজন জড়ো করতে সহযোগিতা করেন। অন্যদিকে মুন্না ও মামুন ভাষানটেক বস্তির বাসিন্দা এবং আসলাম পেশায় অটোরিকশাচালক। তাদের বিরুদ্ধে ভাড়া করা লোকজনের সঙ্গে হামলায় অংশ নেওয়ার অভিযোগ রয়েছে। সর্বশেষ গ্রেপ্তার মিজানুর রহমান মামলার এজাহারভুক্ত ৯ নম্বর আসামি।

গ্রেপ্তার মিজানুর রহমান মামলার এজাহারভুক্ত আসামি। পুলিশ জানিয়েছে, তিনি কুষ্টিয়া-২ আসনের জামায়াতের সংসদ সদস্যের জামাতা। রাজধানীর পশ্চিম মাটিকাটা এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া নিউগিনি প্রপার্টিজের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সড়ক ব্যবহার নিয়েও বিরোধ রয়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রকল্পের ১ নম্বর ফটক বন্ধ করে দেওয়ায় তাদের চলাচলে সমস্যা হচ্ছে।

বাড়ছে পুলিশের চাপ
মানিকদীর এই ঘটনার পাশাপাশি রাজধানীতে সাম্প্রতিক কয়েকটি ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের ওপর চাপ বাড়ছে। ইসিবি চত্বরে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও ভাঙচুর এবং মোহাম্মদপুরে নির্মাণাধীন ভবন দখলের অভিযোগের মতো ঘটনাগুলো নিয়ে তদন্ত চলছে। রাড্ডার ঘটনায় এখন পর্যন্ত নয়জনকে গ্রেপ্তার এবং লুট হওয়া দুই ট্রাক মালামাল উদ্ধারের কথা জানিয়েছে ডিএমপি।

এই পরিস্থিতিতে অভিযান, টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি প্রকাশ্য অপরাধের ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলে পুলিশ সদর দপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন।

মঙ্গলবার পুলিশ হেডকোয়ার্টার্সে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আইজিপি মো. আলী হোসেন ফকিরও মাঠপর্যায়ের কর্মকর্তাদের সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তিনি বলেন, অপরাধীর ক্ষেত্রে কোনো রাজনৈতিক বা দলীয় পরিচয় বিবেচনার সুযোগ নেই; অপরাধী হিসেবে তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।

নিরাপত্তা দিতে না পারলে সরকার বিব্রত
একই দিন সচিবালয়ে তথ্য অধিদপ্তরে সংবাদ সম্মেলনে উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, কোনো নাগরিকের অধিকার ক্ষুণ্ন হলে, স্থাপনা ভাঙচুর বা হামলার শিকার হলে সরকার দুঃখিত ও বিব্রত। কেউ অপরাধী হলেও তাঁর ওপর হামলা হলে নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব বলে জানান তিনি।

রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলার ঘটনায় সিসিটিভি ফুটেজে শনাক্ত ব্যক্তিদের গ্রেপ্তারের বিষয়ে তিনি বলেন, বিষয়টি তদন্তের মধ্য দিয়ে এগোচ্ছে। ফুটেজে কারও সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মানিকদীর নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় এখন তদন্তের সামনে মূল প্রশ্নগুলো হলো বিরোধপূর্ণ জমির প্রকৃত মালিকানা ও দখলের অবস্থান কী, হামলার পরিকল্পনা কারা করেছে, অস্ত্রধারীদের পরিচয় কী এবং হামলার সঙ্গে জমি, চাঁদা ও স্থানীয় প্রভাব বিস্তারের কোন বিষয়টি কতটা যুক্ত। এসব প্রশ্নের উত্তর তদন্ত শেষ হলেই স্পষ্ট হবে।

বিষয়:৩৫ কাঠা জমিগ্রেপ্তার ৭ডিএমপিনিউগিনি প্রপার্টিজপুলিশ সদর দপ্তরবিরোধ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…