ইন্দোনেশিয়া ম্যাচে ‘ভালো’ কিছু হবে বলছেন সোহেল

টানা দুই ম্যাচ হেরে প্রথমবার বসা ফিফা আসিয়ান কাপে শীর্ষের লড়াই থেকে ছিঁটকে গেছে বাংলাদেশ। বাকি আছে নিয়মরক্ষার এক ম্যাচ। ‘এ’ গ্রুপে বাংলাদেশের জন্য সাফ চ্যাম্পিয়নশিপের আগে এমন টুর্নামেন্ট বেশ ভালো ফলাফল বয়ে আনবে বলে মনে করছেন মিডফিল্ডার সোহেল রানা জুনিয়র। বাংলাদেশের জন্য এই প্রস্তুতি বেশ গুরুত্বপূর্ণ মনে করছেন দীর্ঘদিন দলের সাথে থাকা সোহেল।
বাংলাদেশ শেষ ম্যাচ খেলবে স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে। তার আগে অনুশীলন করেছে। সেখানে সোহেল বলেছেন, ‘আমাদের জন্য এটা নতুন ছিল, আসিয়ান কাপ। সাফের প্রস্তুতি নেয়ার জন্য এ আসর খুব গুরুত্বপূর্ণ ছিল। আমাদের অভিজ্ঞতা খুব ভালো যে, আমরা আসিয়ান কাপ খেলতে পেরেছি।’
‘আমরা লিগে খেলার মধ্যে ছিলাম না, ট্রেনিংয়েও ছিলাম না। সবাই অনেকদিন, তিন মাসের মতো খেলার বাইরে ছিলাম। ওই হিসেবে আমরা একমাস বা চার সপ্তাহ ট্রেনিং করে আসিয়ান কাপের প্রস্তুতি নিয়েছি। ইন্টারন্যাশনাল ম্যাচও খেলতে পারিনি। এই দুটা ম্যাচ খেলার পর খেলোয়াড়দেরও এখন আগের থেকে অনেক উন্নতি হয়েছে। আত্মবিশ্বাস আগের থেকে ভালো। ইন্দোনেশিয়া ম্যাচ আমাদের জন্য ভালো কিছু হবে।’
খেলোয়াড় হিসেবে নিজের মানসিকতা নিয়ে সোহেল বলেছেন, ‘অবশ্যই পেশাদার খেলোয়াড় হিসেবে সবসময় আমার মানসিকতা শক্ত রাখা লাগে। ফোকাস থাকা লাগে দলের প্রতি। কোচ যখন সুযোগ দেবে, সেরাটা দিবো। সেই হিসেবে সেরাটা দেয়ার সুযোগ গতকাল পেয়েছিলাম, সেরাটা দেয়ার জন্য চেষ্টা করেছি।’
ইন্দোনেশিয়া ম্যাচের পরিকল্পনা নিয়ে তারকা মিডফিল্ডার বলেছেন, ‘ইন্দোনেশিয়া ম্যাচ নিয়ে কোচের পরিকল্পনা হল, আমাদের এই গ্রুপের সবচেয়ে শক্তশালী দল ইন্দোনেশিয়া। তাদের সাথে আমরা প্রথম মিনিট থেকে চেষ্টা করবো যে ম্যাচ ব্লক করার জন্য। বাকিটা ম্যাচ অনুযায়ী দেখা যাবে কী হয়।’
আসরে বাংলাদেশ প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ ব্যবধানে হেরেছে। দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে ১-০ গোলে হেরে উপরের দিকে যাওয়ার রাস্তা থেকে বিদায় নিশ্চিত করেছে।






