ভিনিসিয়াস-রাফিনহার পেনাল্টিতে অস্ট্রেলিয়াকে হারাল ব্রাজিল

ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় লড়াইয়ে বড় জয়ই তুলেছে ব্রাজিল। পূর্ণশক্তির ব্রাজিল স্বাগতিক অজিদের হারিয়েছে ৪-২ গোল ব্যবধানে। পেনাল্টি থেকে একটি করে গোল করেছেন রাফিনহা দিয়াস ও ভিনিসিয়াস জুনিয়র। প্রথমার্ধে অস্ট্রেলিয়া এগিয়ে গেলেও লিড ধরে রাখতে পারেনি। প্রথম ম্যাচে ১-১ গোলে ড্র করেছিল দুদল।
ব্রিসবেনে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় ব্রাজিল। তৃতীয় মিনিটে সেলেসাওদের এগিয়ে দেন ভ্যান্ডারসন। ২৮ মিনিটে অস্ট্রেলিয়ার আলেসান্দ্রে সিরক্যাতি গোল করে ১-১ সমতা আনেন। পাঁচ মিনিট পর রাফিনহার দলকে চমকে দিয়ে আরেকটি গোল করে বসে অস্ট্রেলিয়া। ডি-বক্সের বাইরে থেকে দূরপাল্লার শটে গোল করেন কনোর মেটক্যাফে, ২-১ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা।
প্রথমার্ধের নির্ধারিত সময় শেষ হওয়ার ঠিক আগের মিনিটে পেনাল্টি আদায় করে নেয় ব্রাজিল। রাফিনহা সেখান থেকে গোল করেন, ২-২ সমতায় আনেন। ওই ব্যবধান রেখে বিরতিতে যায় দুদল।
বিরতির পর ব্রাজিলকে আরও আক্রমণাত্মক দেখা যায়। ৬৯ মিনিটে আবারও এগিয়ে যায় ব্রাজিল। গোল করেন মিডফিল্ডার ব্রুনো গুইমারায়েস, ৩-২ ব্যবধানে এগিয়ে যায় ব্রাজিল। খেলার ৮০ মিনিটে অস্ট্রেলিয়ার কফিনে শেষ পেরেক ঠোকেন ভিনিসিয়াস জুনিয়র। পেনাল্টি থেকে গোল করে ম্যাচের ব্যবধান করেন ৪-২। ওই ব্যবধানে জয়ে মাঠ ছাড়ে কার্লো আনচেলত্তির ব্রাজিল।






