সময়ের আলোচিত মিউজিশিয়ান প্রীতম হাসানের কথা, সুর ও সংগীতায়োজনে গাইলেন তরুণ শিল্পী সাম্মাম জুনাইদ। গানটির শিরোনাম ‘রাত কাটে নির্ঘুম’।
সাম্মাম জানিয়েছেন, সদ্য মুক্তি পাওয়া গানটি তার নিজস্ব ইউটিউব চ্যানেল ছাড়াও শোনা যাচ্ছে জনপ্রিয় সংগীত প্লাটফর্ম স্পটিফাই, আমাজন মিউজিক ও অ্যাপল মিউজিকে।
গানের মিউজিক ভিডিও নিয়ে সাম্মাম জানান, জগৎ বিখ্যাত চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গগ বলেছিলেন আমার প্রায়ই মনে হয় দিনের চেয়ে রাত অনেক বেশি বর্ণিল ও জীবন্ত। ভ্যান গগের এই উক্তিকে উপজীব্য করে নির্মাণ করা হয়েছে মিউজিক ভিডিও।
প্রমিত রহমানের হাত ধরে ‘পিছুটান’ গান দিয়ে সংগীতে পা রাখেন সাম্মাম। তারপর সুরকার সাজিদ সরকার, পিন্টু ঘোষের সাথে গান করেন। এরইমধ্যে মিনারের সুরে এর একটি গান শেষ করেছেন। শিগগির তা মুক্তি পাবে।







