‘বোহেমিয়ান ঘোড়া’সহ নেটফ্লিক্সে হইচইয়ের যতো কনটেন্ট

বাংলা ওটিটি প্লাটফর্ম হইচইয়ের সঙ্গে অংশীদারিত্বে যাচ্ছে বিশ্বব্যাপী জনপ্রিয় স্ট্রিমিং প্লাটফর্ম নেটফ্লিক্স। যে প্লাটফর্মে অমিতাভ রেজা চৌধুরী নির্মিত বহুল আলোচিত ‘বোহেমিয়ান ঘোড়া’সহ বেশকিছু সিরিজ ও কনটেন্ট মুক্তি পেতে চলেছে।
হইচই ও নেটফ্লিক্স জানিয়েছে, এই যৌথ উদ্যোগের মাধ্যমে দর্শকদের জন্য আসছে জনপ্রিয় সিরিজ, নতুন প্রিমিয়ার, গল্পের নতুন রূপান্তর এবং মৌলিক কনটেন্ট।
আগামী দুই বছরে হইচইয়ে মুক্তি পেতে যাওয়া সিরিজগুলো হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় নেটফ্লিক্সে দেখার সুযোগ পাবেন দর্শকেরা।
এই অংশীদারত্বের আওতায় হইচইয়ের নির্বাচিত কুড়িটির মতো কনটেন্ট যুক্ত হচ্ছে নেটফ্লিক্সের তালিকায়। এর মধ্যে রয়েছে মোশাররফ করিম, সাদিয়া আয়মান, রুনা খান, তানজিকা আমিন, মৌসুমী হামিদ অভিনীত সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’। যদিও সিরিজটি নাম পরিবর্তন করে নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে ‘শাদি কা সিয়াপ্পা’ নামে।
এছাড়াও ম্যাডাম ইন্সপেক্টর, সম্পূর্ণা, লজ্জা, একেন স্যারজি, আঞ্জান সায়ে, দ্য কার্স অব পর্ণশবরী, ব্লাডলাইনস, দ্য অ্যাডভেঞ্চার্স অব দাদি অ্যান্ড জগ্গা, রাত অভি বাকি হ্যায়, অচিন্তা: ট্রায়াল বাই ল, কুইন্স, পরিণীতা: আ লাভ স্টোরির মতো জনপ্রিয় কনটেন্ট।
শুধু পুরোনো বা নির্বাচিত সিরিজই নয়, হইচইয়ে নতুন সিরিজ মুক্তির সঙ্গে সঙ্গেই সেগুলো হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় নেটফ্লিক্সেও প্রকাশ করা হবে।
ফলে বাংলা ভাষার গণ্ডি পেরিয়ে ভারতের বিভিন্ন ভাষাভাষী দর্শকের কাছে পৌঁছানোর নতুন সুযোগ তৈরি হচ্ছে হইচইয়ের কনটেন্টের জন্য।
এই উদ্যোগের প্রথম আকর্ষণ ‘দ্য কার্সড টেম্পল অব কৌরিবুড়ি’। লোককথা অবলম্বনে নির্মিত হরর সিরিজটিতে অভিনয় করেছেন জিতু কমল, সোলাঙ্কি রায় ও পাওলি দাম। আগামী ৬ নভেম্বর সিরিজটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। এরপর আগামী কয়েক মাসে পর্যায়ক্রমে আরও নতুন কনটেন্ট প্রকাশ করা হবে।
এদিকে, দুই প্ল্যাটফর্মের সহযোগিতা শুধু সিরিজ সম্প্রচারের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। হইচই স্টুডিওজের প্রযোজনায় যৌথভাবে তৈরি হবে নতুন মৌলিক সিরিজ। হইচইয়ের নির্বাচিত কিছু গল্পকে নতুন আঙ্গিকে তুলে ধরা হবে এসব সিরিজে। প্রতিটি রূপান্তরে যুক্ত হবে নতুন সৃজনশীল প্রতিভা ও ভিন্ন দৃষ্টিভঙ্গি, যা পরিচিত গল্পগুলোকে আরও বিস্তৃত দর্শকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে।
২০১৭ সালে এসভিএফের নতুন মিডিয়া শাখার প্রথম উদ্যোগ হিসেবে যাত্রা শুরু করে হইচই। বর্তমানে প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা বিষ্ণু মোহতা হইচইয়ের নেতৃত্ব দেওয়ার পাশাপাশি এসভিএফের নির্বাহী পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
নেটফ্লিক্সের সঙ্গে এই অংশীদারিত্ব বাংলা কনটেন্টকে বহুভাষিক দর্শকের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। একই সঙ্গে নতুন গল্প, ভাষাভিত্তিক সম্প্রসারণ এবং মৌলিক সিরিজ নির্মাণের মাধ্যমে দুই প্ল্যাটফর্মের সহযোগিতা ভারতীয় ওটিটি জগতে নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে। টেলিগ্রাফ ইন্ডিয়া





