অন্যের সঙ্গে পাসওয়ার্ড ভাগ করে নিলে এবার অতিরিক্ত টাকা দিতে হবে নেটফ্লিক্সকে। ইতিমধ্যে বেশ কিছু ব্যবহারকারীর কাছে এই বিষয়ে টাকা নিয়েছে নেটফ্লিক্স।
এই ঘোষণা নতুন নয়। মার্চ মাসেই নেটফ্লিক্সের পক্ষ থেকে বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছিল, এক পাসওয়ার্ড অন্যকে দিলে অতিরিক্ত টাকা নিতে শুরু করবে সংস্থা। মূলত সংস্থার আয় বাড়ানোর জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়।
তবে এখনই সব দেশে এই নিয়ম চালু করা হয়নি। মূলত পেরু, চিলি এবং কোস্টারিকার গ্রাহকদের উপর নেটফ্লিক্স প্রাথমিকভাবে এই নিয়ম চালু করছে। আদৌ নতুন এ নিয়ম কার্যকর হচ্ছে কিনা তা পরীক্ষা করার জন্যই এই তিন দেশকেই বেছে নিয়েছে সংস্থা।
অনেক নেটফ্লিক্স ব্যবহারকারী ‘সিঙ্গেল ডিভাইস সাবস্ক্রিপশন’ নিয়ে একাধিক ব্যক্তির সঙ্গে নিজের পাসওয়ার্ড শেয়ার করেন। যার ফলে সিঙ্গেল সাবস্ক্রিপশনে একাধিক ব্যক্তি ছবি বা ওয়েব সিরিজ দেখার সুযোগ পায়।
তবে নতুন নিয়মে বলা হয়েছে, কেবল এক বাড়িতে যারা থাকবেন তাদের মধ্যেই পাসওয়ার্ড ভাগ করা যাবে। এ নিয়ে গ্রাহকদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়েছে। তবে কি এক বিল্ডিংয়ে যারা থাকেন, তাদের সঙ্গে পাসওয়ার্ড ভাগ করা যাবে? স্পষ্ট উত্তর নেই ব্যবহারকারীদের কাছে।
নতুন এ নিয়ম চালু হতেই গ্রাহকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। এতে লাভের পরিবর্তে ক্ষতির মুখে পড়ছে সংস্থা। অনেক ব্যবহারকারীই নিজেদের সাবস্ক্রিপশন বাতিল করতে শুরু করেছেন।







